ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ (আমলাপাড়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ) পরিচালনা ও শিক্ষা পরিবেশ উন্নয়ন কার্যক্রমকে কেন্দ্র করে ‘ষড়যন্ত্র ও অপপ্রচার’ চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন পরিচালনা কমিটির সভাপতি ও বিএনপি মহানগর কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।
শুক্রবার (১ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ তুলে ধরেন। টিপু বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনা, শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করা এবং নিয়মিত শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসব পদক্ষেপে একটি মহল অসন্তুষ্ট হয়ে নতুন করে দলাদলি ও বিভাজন সৃষ্টির চেষ্টা করছে।
তিনি জানান, প্রতিষ্ঠানের মানোন্নয়নের লক্ষ্যে হাজিরা পাঞ্চ মেশিন স্থাপন, সিসি ক্যামেরা বসানো, সময়ানুবর্তিতা নিশ্চিত করা এবং অবকাঠামোগত উন্নয়নমূলক নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম বাধাগ্রস্ত করতেই অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
টিপু বলেন, “স্বল্প সময়ের মধ্যেই শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নেওয়ায় কিছু মহল অস্বস্তিতে পড়ে ষড়যন্ত্র শুরু করেছে। শিক্ষকদের মধ্যে বিভাজন সৃষ্টি করে পরিবেশ নষ্টের চেষ্টা চলছে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যতই অপপ্রচার চালানো হোক না কেন, নারায়ণগঞ্জবাসী ও প্রশাসনকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। শিক্ষা পরিবেশ ও ফলাফল উন্নয়নের কাজ থেমে থাকবে না।
এছাড়া তিনি বলেন, নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজকে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে দৃঢ়ভাবে কাজ চালিয়ে যাবেন।

