ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির রাজনীতিতে আলোচিত ও পরিচিত মুখ ফতেহ মোহাম্মদ রেজা রিপন। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থাকা এ নেতা বর্তমানে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তৃণমূল নেতাকর্মীদের মাঝে গ্রহণযোগ্যতা, সাংগঠনিক দক্ষতা এবং কর্মীবান্ধব আচরণের কারণে তাকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক পদে দেখতে চান অনেকেই।
দলের কঠিন সময়েও মাঠে সক্রিয় থাকা নেতাদের একজন হিসেবে পরিচিত রেজা রিপন। বিএনপির দুর্দিনে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের পক্ষে তিনি বরাবরই সরব ছিলেন। একই সঙ্গে দখলদারিত্ব, অনৈতিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলাবিরোধী যেকোনো তৎপরতার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ায় নেতাকর্মীদের কাছে তিনি আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
স্থানীয় নেতাকর্মীরা মনে করেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে রেজা রিপনের মতো ত্যাগী ও কর্মীবান্ধব নেতার বিকল্প নেই। তিনি নিয়মিতভাবে দলীয় কর্মসূচি বাস্তবায়ন, তৃণমূল পর্যায়ে যোগাযোগ রক্ষা এবং নতুন নেতৃত্ব তৈরিতে কাজ করে যাচ্ছেন।
নির্বাচনের পর ক্ষমতায় অংশীদার হওয়ার পর নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে আগের সেই সাংগঠনিক জৌলুস আর দেখা যাচ্ছে না। গত কয়েক মাস ধরে দলটির সাংগঠনিক কার্যক্রমে এক ধরনের স্থবিরতা স্পষ্ট হয়ে উঠেছে। এই সুযোগে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতেও শৃঙ্খলাহীনতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে। পাড়া-মহল্লা পর্যায়ে অনেকেই নিজেদের প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিয়ে নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন, যা নিয়ে দলীয় মহলে আলোচনা-সমালোচনা চলছে।
দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী নিয়মিত সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের কথা থাকলেও মহানগর বিএনপিতে দীর্ঘদিন ধরে সেই প্রক্রিয়া স্থগিত রয়েছে। একের পর এক আহ্বায়ক কমিটি গঠন ও পরে তা ভেঙে দেওয়ার প্রবণতা সংগঠনের ভিত দুর্বল করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, নেতৃত্বের টানাপোড়েন এবং সিদ্ধান্ত বাস্তবায়নে অনীহা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারায়ণগঞ্জে বিএনপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাস থাকলেও সাম্প্রতিক সময়ে সেই ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয়নি। বিশেষ করে ইউনিট পর্যায়ে শক্তিশালী কমিটি গঠন ও কার্যক্রম সচল রাখতে না পারা এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিচের স্তর সক্রিয় না থাকলে কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নও কঠিন হয়ে পড়ে।
এই প্রেক্ষাপটে ঈদের পর দল গোছানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা। তাদের মতে, তৃণমূলকে সক্রিয় করা, পূর্ণাঙ্গ কমিটি গঠন, নিয়মিত কর্মসূচি চালু এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনের মাধ্যমে সংগঠনকে পুনরুজ্জীবিত করাই এখন সময়ের দাবি।
তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, দ্রুত একটি নির্বাচিত ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে আবারও শৃঙ্খলা, গতি ও সাংগঠনিক শক্তি ফিরে আসবে।
উল্লেখ্য, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত দলীয় প্যাডে কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুকে সদস্য সচিব করা হয়।
সেই কমিটিতে ১০ জন যুগ্ম আহ্বায়কের একজন হিসেবে স্থান পান ফতেহ মোহাম্মদ রেজা রিপন। এরপর থেকেই সাংগঠনিক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা এবং নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক তাকে মহানগর বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃত্বের কাতারে নিয়ে এসেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী দিনে মহানগর বিএনপির নতুন নেতৃত্ব নির্ধারণে ফতেহ মোহাম্মদ রেজা রিপন একটি গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠতে পারেন।

