ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের বিএনপির রাজনীতিতে আলোচিত ও জনপ্রিয় এক নাম এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূল পর্যায়ে শক্ত অবস্থান এবং নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে মহানগর বিএনপির নতুন কমিটি গঠনের আলোচনায় সভাপতি পদে এগিয়ে রয়েছেন তিনি।
ছাত্রদলের রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবনের সূচনা করেন আবু আল ইউসুফ খান টিপু। পরবর্তীতে শ্রমিক দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতার কারণে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত তিনি গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নতুন কমিটি গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। এ অবস্থায় তৃণমূল নেতাকর্মীদের বড় একটি অংশ মহানগর বিএনপির সভাপতি হিসেবে আবু আল ইউসুফ খান টিপুকে দেখতে চান। তাদের মতে, দীর্ঘদিন মাঠে থেকে রাজনীতি করা, কর্মীদের পাশে থাকা এবং দলকে সুসংগঠিত রাখার ক্ষেত্রে তিনি সবচেয়ে যোগ্য প্রার্থী।
আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের রাজপথে প্রথম সারির নেতাদের একজন ছিলেন টিপু। আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে একাধিক মামলার আসমী হয়ে তিনি গ্রেফতার হন এবং কারাবরণও করেন। এতে দলের নেতাকর্মীদের কাছে তার ত্যাগী নেতৃত্বের ভাবমূর্তি আরও শক্তিশালী হয়।
এছাড়া নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ ইস্যুতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্থানীয় বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানেও তার সক্রিয়তা রয়েছে। সম্প্রতি শহরের আমলাপাড়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাংগঠনিক দক্ষতা, তৃণমূল জনপ্রিয়তা এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে মহানগর বিএনপির সভাপতি পদে আবু আল ইউসুফ খান টিপু এখন সবচেয়ে আলোচিত নাম। এখন দেখার বিষয়, দলের হাইকমান্ড শেষ পর্যন্ত কাকে দায়িত্ব দেয়।
২০২২ সালের ১৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা দলীয় প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানকে আহ্বায়ক ও অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুকে সদস্য সচিব করে এই কমিটি করা হয়েছে। কমিটিতে ১০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তারা হলেন- অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, আ. সবুর খান সেন্টু, হাজী নুরুদ্দীন, আতাউর রহমান মুকুল, মনির হোসেন খান, আনোয়ার হোসেন অনু, ফাতেহ মো. রেজা রিপন, এম এইচ মামুন ও আবু কাওসার আশা।

