ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। আগামী ২১ জানুয়ারি এই সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ–এর কাছে জমা দেওয়া হবে। পরে তা উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, কমিশন নতুন পে-স্কেল ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে কার্যকর করার সুপারিশ করেছে। আর পুরো বেতনকাঠামো বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০২৬–২৭ অর্থবছরের শুরু থেকে, অর্থাৎ আগামী ১ জুলাই।
নতুন বেতনকাঠামোর প্রাথমিক বাস্তবায়নের প্রস্তুতি হিসেবেই চলতি ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় প্রায় ২২ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সূত্র জানিয়েছে, এটি পরিকল্পিত একটি পদক্ষেপ।
বেতন কমিশনের হিসাবে, নতুন কাঠামো পুরোপুরি কার্যকর করতে অতিরিক্ত ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে। প্রস্তাবিত বেতনকাঠামোতে তুলনামূলকভাবে নিম্ন বেতনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা বেশি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, বেতন কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

