ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নারায়ণগঞ্জ জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও শহর কমিটির সাধারণ সম্পাদক কমরেড সুজয় রায় চৌধুরী বিকু রবিবার (৪জানুয়ারি) বেলা সাড়ে ৩ টায় আমলাপাড়া নিজ ভাড়াবাড়িতে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে কমিউনিস্ট পার্টির জেলা কমিটির পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সহিত সমবেদনা প্রকাশ করছি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি তার স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। কমরেড সুজয় রায় চৌধুরী’কে শেষ বিদায় জানাতে তার মরদেহ সন্ধ্যা ৬ টা থেকে সাড়ে ৭ টা পর্যন্ত চাষাড়া শহীদ মিনারে রাখা হয়। এসময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, শিল্পী, শিশু-কিশোর, নারী, যুব, ছাত্র, শ্রমিক বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করে কমরেড সুজয় রায় চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পরবর্তীতে মাসদার এলাকায় সিটি শ্বশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে কমরেড সুজয় রায় চৌধুরীর দীর্ঘ রাজনৈতিক জীবন ও ব্যক্তি জীবনের উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোচনা করেন কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শিবনাথ চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, রাজনৈতিক ব্যক্তি ও শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মণি সুপান্থ’সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন, কমরেড সুজয় রায় চৌধুরী ছিলেন কমিউনিস্ট পার্টির নিবেদিত প্রাণ। তিনি কম কথা বলতেন। বিনয়ের সহিত আস্তে ধীরে কথা বলতেন। গানের শিল্পি ছিলেন। গণমানুষের মুক্তির গান গেয়ে মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করে গেছেন। গানের স্কুলে শিক্ষকতা করে পরিবার চালাতেন। তিনি ছোট বেলা থেকেই নারায়ণগঞ্জ শহরে বড় হয়েছেন। প্রথমে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হয়ে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যদিয়ে কমিউনিস্ট পার্টির সদস্য হন। বর্তমানে তিনি জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও শহর কমিটির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। শ্রমিক শ্রেণীর রাজনৈতিক মুক্তি সংগ্রামে তিনি সারাটা জীবন ব্যায় করেছেন। শ্রেণী সংগ্রামের মাঝে তার রাজনৈতিক কর্ম স্মরণীয় হয়ে থাকবে। নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন শেষে সুজয় রায় চৌধুরীর প্রতি লাল সালাম জানিয়ে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

