ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ মুখের স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত দাঁত ব্রাশ করতে হয়। আবার মুখ থেকে দুর্গন্ধ যেন না ছড়ায়, এ জন্যও দাঁত ব্রাশ করা উচিত। এটি কিছুটা বেশিই গুরুত্বপূর্ণ। মুখ থেকে দুর্গন্ধ বের হলে আত্মবিশ্বাস কমে যায়। সার্বিকভাবে মুখের স্বাস্থ্য ভালো রাখতে ব্রাশ করা গুরুত্বপূর্ণ হলেও, কখন ব্রাশ করা ভালো, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে।
ব্রাশ করা নিয়ে অনেকেরই প্রশ্ন, দিনে কতবার ব্রাশ করা উচিত। সাধারণত দিনে দু’বার, সকালে ও রাতে ব্রাশ করার পরামর্শ দেয়া হয়। কিন্তু দাঁতের সুরক্ষার জন্য এর মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ এবং কখন ব্রাশ করা হলে দাঁতের ক্ষয় বেশি প্রতিরোধ করা সম্ভব, এ বিষয়ে জানা নেই। এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
রাতে দাঁত ব্রাশ করার গুরুত্ব:
ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ: দিনে যা-ই খাওয়া হোক না কেন, তা থেকে খাদ্যকণা দাঁতের ফাঁকে এবং মাড়িতে লেগে থাকে। কণাগুলো হচ্ছে মুখের ভেতরকার ব্যাকটেরিয়ার খাদ্য। ব্যাকটেরিয়াগুলো খাদ্যকণা হজম করার পর অ্যাসিড তৈরি করে। রাতে ঘুমানোর সময় লালার উৎপাদন কমে যায়। লালা প্রাকৃতিকভাবে মুখ পরিষ্কার রাখে এবং অ্যাসিডকে নিরপেক্ষ করে। লালা কম থাকায় রাতে ব্যাকেটেরিয়ার অ্যাসিডগুলো দাঁতের এনামেলকে আক্রমণের জন্য দীর্ঘ সময় পায়।
এ জন্য রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করা হলে এবং ফ্লস করলে খাদ্যকণা ও ব্যাকটেরিয়ার সংখ্যা অনেকাংশে কমে। যা রাতে অ্যাসিড আক্রমণ থেকে দাঁতকে রক্ষা করে থাকে।
সকালে দাঁত ব্রাশ করার গুরুত্ব:
সকালে দাঁত ব্রাশ করা হলে মুখ সতেজ থাকে এবং দিনের শুরুতেই সুরক্ষার ভিত্তি তৈরি হয়।
ঘুম পরবর্তী ব্যাকটেরিয়া দূর হয়: রাতে লালা কম নিঃসৃত হওয়ার কারণে ব্যাকটেরিয়া সারারাত কাজ করে। সকালে দাঁত ব্রাশ করা হলে ওই ব্যাকটেরিয়া ও তাদের অ্যাসিডিক বর্জ্য অপসারণ হয়।
খাওয়ার আগে না পরে: দাঁতের চিকিৎসকদের মধ্যে এ নিয়ে একটি বিতর্ক রয়েছে যে, সকালে খাবার খাওয়ার আগে না পরে, কখন ব্রাশ করা উচিত। বিশেষজ্ঞদের মতে, সকালে খাবার খাওয়ার আগে দাঁত ব্রাশ করা ভালো। কেননা, খাবার খাওয়ার পর মুখের ভেতরের অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায়। এ অবস্থায় ব্রাশ করা হলে এনামেল ক্ষতিগ্রস্ত হয়। আর খাওয়ার পর ব্রাশ করলে অন্তত ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা অপেক্ষা করা ভালো।
কখন ব্রাশ করলে ক্ষতির সম্ভাবনা:
অ্যাসিডিক খাবার: টক ফল, কফি বা সোডার মতো অ্যাসিডক পানীয় পানের পরপরই দাঁত ব্রাশ করা ঠিক নয়। অ্যাসিড এনামেলকে নরম করে, এ সময় ব্রাশ করলে এনামেল দ্রুত ক্ষয় হতে থাকে।
দাঁত ব্রাশের সেরা সময়:
প্রথমত, রাতে ঘুমানোর ঠিক আগ মুহূর্তে দাঁত ব্রাশ করতে পারেন। এতে এনামেল ক্ষয় থেকে রক্ষ পাবে। দ্বিতীয়ত, সকালে ঘুম থেকে উঠে খাওয়ার আগে ভালো করে দাঁত ব্রাশ করতে পারেন। এ সময় ব্রাশ করা হলে মুখ সতেজ থাকবে এবং দিনের শুরুতে সুরক্ষা প্রদান করবে। দুটি সময় নিয়ম মেনে এবং ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করে দাঁত ব্রাশ করা হলে দীর্ঘদিন দাঁত ভালো থাকবে।

