ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ রংপুরের পীরগঞ্জ উপজেলার হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ধানের শীষ ও গণভোটের সিলযুক্ত ছয়টি ব্যালট পেপার এবং দুটি সিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পপি খাতুনকে উত্তেজিত জনতা প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে পরিস্থিতি শান্ত হলেও ইউএনওকে গাড়িতে ওঠানোর সময় তার গাড়িতে ভাঙচুর চালানো হয়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, সোমবার ছুটির পর হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী স্কুলে আসেন। বেলা ১১টার দিকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নবীউল শ্রেণিকক্ষ পরিষ্কার করার সময় একটি আলমারিতে সিলযুক্ত ছয়টি ব্যালট পেপার দেখতে পায়। পরে তারা বিষয়টি প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদকে জানায়। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ধানের শীষের কর্মী-সমর্থকরা স্কুল প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পপি খাতুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা সহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সহস্রাধিক নারী-পুরুষ সেখানে সমবেত হয়। উত্তেজিত নারীরা ঝাড়ু হাতে প্রতিবাদ মিছিল শুরু করেন এবং ইউএনওকে অবরুদ্ধ করে রাখেন।
পরে উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী পলাশসহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসে জনতাকে শান্ত করার চেষ্টা করেন। জনতার দাবির মুখে ইউএনও লিখিতভাবে ব্যালট ও সিল উদ্ধারের বিষয়টি স্বীকার করলে প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এরপর পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সহযোগিতায় ইউএনওকে স্কুল ভবন থেকে বের করে গাড়িতে ওঠানোর সময় উত্তেজিত জনতা তার গাড়িতে ভাঙচুর চালায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন বলেন, “আমি সাংবাদিকদের নিয়ে একটি প্রেস ব্রিফিং আহ্বান করেছি। সেখানে বিস্তারিত জানানো হবে।”

