ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সম্পূর্ণ প্রভাবমুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দেশের কোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠন তাদের নির্বাচন আয়োজন করতে পারবে না।
ইসির নির্দেশনার আওতায় রয়েছে—পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, সমবায় সমিতি এবং ট্রেড ইউনিয়নসহ সব সংগঠনের নির্বাচন। এসব সংগঠনকে জাতীয় নির্বাচন শেষ হওয়ার পর তাদের নির্বাচন আয়োজন করতে বলা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ কারণে নির্বাচন সংশ্লিষ্ট সব কার্যক্রম নির্বিঘ্ন রাখতে আগাম এই নির্দেশনা জারি করা হয়েছে।
এদিকে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ ও সংগঠনকে নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

