ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। নয় মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্যে দিয়ে অর্জিত হয় চূড়ান্ত বিজয়। এটি বাঙালি জাতির জীবনের সবচেয়ে বড় অর্জন ও গৌরবের দিন। প্রতি বছরের মতো আজও সারা দেশের মত নারায়ণগঞ্জেও নানা আয়োজনের মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে বিজয় দিবস।
দিবসটি উপলক্ষে শহরের চাষাড়ায় অবস্থিত বিজয় স্তম্ভে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। পরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, সিভিল সার্জন, জেলা পরিষদ, এলজিডি, গণপূর্ত, শিক্ষা অধিদপ্তর, ফতুল্লা প্রেসক্লাব, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

