নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের স্মৃতিময় এ আয়োজনে ছিল দোয়া মাহফিল, উপহার বিতরণ ও কেক কাটার পর্ব।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় প্রতিষ্ঠানের প্রাথমিক শাখার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রাথমিক শাখার প্রধান শিক্ষিকা রোকসানা আক্তার সামিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. মাজহারুল আলম খান পাভেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মেহেদী হাসান সজীব, শিক্ষক প্রতিনিধি লিয়াকত আলী, মাধ্যমিক শাখার সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, সহকারী শিক্ষক ফেরদৌসী আক্তার ও শোহিবা আক্তার এবং কলেজ শাখার প্রভাষক মুহাম্মদ আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি তাদের সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কেক কাটেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাজহারুল আলম খান পাভেল বলেন, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত স্মরণীয়। এ প্রতিষ্ঠানে তাদের শিক্ষাজীবনের পথচলা শুরু হয়েছিল প্রাথমিক শিক্ষা দিয়ে। এ পর্যায় শেষ করে তারা এখন জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। এই বিদায় শিক্ষাজীবনের সমাপ্তি নয়, বরং সামনে এগিয়ে যাওয়ার নতুন যাত্রার সূচনা।
তিনি আরও বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শিষ্টাচার, সততা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। ভালো শিক্ষার্থীর পাশাপাশি ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। বাবা-মা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করতে হবে।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের পড়াশোনার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখতে হবে। শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে বিদ্যালয় কর্তৃপক্ষ সব সময় আন্তরিকভাবে কাজ করে যাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শাখার সহকারী শিক্ষক রিপা আক্তার, তানিয়া ইসলাম মুনা, রিফাত সুলতানা, সাদিয়া আফরিন, তাহরিম আরবী, উমা রাণী বর্মন, আলভী কবির ও অনন্যা মল্লিক বৃষ্টিসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

