নারায়ণগঞ্জের বন্দরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় রিকশায় থাকা ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মোটরসাইকেলসহ চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বন্দর উপজেলার ফরাজীকান্দা এলাকায় দেলোয়ার প্রধানের পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম সাইফান। সে বন্দরের সোনাকান্দা এনায়েতনগর এলাকার ভাড়াটিয়া মোজাম্মেল হকের ছেলে।
শিশুটির বাবা মোজাম্মেল হক জানান, সাইফান গত ১৫ দিন ধরে ঢাকার মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে বাড়িতে নিয়ে আসেন। শনিবার হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত রিকশায় করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন।
পথে ফরাজীকান্দার একটি পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে দ্রুতগতিতে বের হওয়া মোটরসাইকেলটি তাঁদের রিকশায় সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মোটরসাইকেল চালক ইয়াছিন আরাফাতকে আটক করে মোটরসাইকেলসহ বন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

