নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের আহ্বায়ক ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা ফেরদাউসুর রহমানকে ফোন করে ডেকে নিয়ে মারধর ও পাঞ্জাবি ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা আজিজুল ইসলাম রাজীবের নির্দেশনার অভিযোগও তুলেছেন ভুক্তভোগী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার হিরা কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
মাওলানা ফেরদাউসুর রহমানের অভিযোগ, ছাত্রদল কর্মী অনিকের ফোন পেয়ে কথা বলার জন্য তিনি ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছানোর পর অনিক, তোফায়েল ও মিলনসহ ২০ থেকে ২৫ জন তাঁকে ঘিরে ধরে মারধর করেন। একপর্যায়ে তাঁর পাঞ্জাবি ধরে টানাহেঁচড়া করে ছিঁড়ে ফেলা হয়।
হামলার কারণ হিসেবে তিনি জেলা পরিষদের একটি জায়গা লিজ নিয়ে নির্মাণকাজ শুরু করার বিষয়টি উল্লেখ করেন। তাঁর দাবি, ওই জায়গায় দোকান ও মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়ার পর কয়েকজন তাঁর কাছে চাঁদা দাবি করেন। একই সঙ্গে মার্কেটের অর্ধেক অংশও দাবি করা হয়। এসব দাবিতে রাজি না হওয়ায় তাঁর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয় এবং পরবর্তীতে তাঁর ওপর হামলা চালানো হয়।
ফেরদাউসুর রহমান বলেন, ‘আমি শরিক দলের রাজনীতি করি। কাউকে চাঁদা দেব না। জেলা পরিষদের জায়গা সরকারি নিয়ম মেনে লিজ নিয়েছি। সেখানে কাজ শুরু করার পর থেকেই বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। চাঁদা ও মার্কেটের অংশ দাবি করায় আমি রাজি হইনি। এর জেরেই আমার ওপর হামলা চালানো হয়েছে।’
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার দুই দিন আগে ছাত্রদলের সাবেক নেতা আজিজুল ইসলাম রাজীবের সঙ্গে এ বিষয়ে তাঁর কথা হয়েছিল। রাজীব বিষয়টি মীমাংসা করে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু তাঁর ধারণা, রাজীবের নির্দেশনায় অনিক, তোফায়েল ও মিলনসহ ২০ থেকে ২৫ জন পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালিয়েছেন।
অন্যদিকে, হামলার অভিযোগ অস্বীকার করেছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম রাজীব। তিনি বলেন, ‘ফেরদাউস সাহেবের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। তাঁর সঙ্গে চাঁদা বা মার্কেটের বিষয়ে কখনো কোনো কথা হয়নি। কেন তিনি আমার নাম বলছেন কিংবা কার প্ররোচনায় বলছেন, সেটা তিনিই ভালো বলতে পারবেন।’
হামলার ঘটনা সম্পর্কে রাজীব বলেন, ‘আমি ঘুম থেকে উঠে শুনতে পেরেছি যে তাঁর ওপর হামলা হয়েছে। তবে কেন এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে আমি কিছু বলতে পারছি না।’
এদিকে, এ ঘটনায় আইনের আশ্রয় নেওয়ার কথা জানিয়েছেন মাওলানা ফেরদাউসুর রহমান। চাঁদাবাজি ও হামলার অভিযোগে থানায় অভিযোগ দেওয়ার পর বিস্তারিত জানাবেন বলেও জানান তিনি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানিয়েছেন, এ বিষয়ে তাঁরা এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে হামলার প্রকৃত কারণ, চাঁদা দাবির অভিযোগ এবং এতে কারা জড়িত, তা পুলিশের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

