‘কাবিং করবো, দেশ গড়বো’ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দরে বাংলাদেশ স্কাউটসের ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বন্দর উপজেলার সরকারি হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চার দিনব্যাপী এ ক্যাম্পুরীর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার। সঞ্চালনায় ছিলেন পশ্চিম বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুমা বেগম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান, উপজেলা স্কাউটসের সহ-সভাপতি জিয়াউল হাসান জিসু, সম্পাদক বদরুল আলম, কার্যনির্বাহী সদস্য ও ক্রীড়া শিক্ষক পংকজ কুমার বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল আহমেদ এবং উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আয়োজকেরা জানান, চার দিনব্যাপী এ কাব ক্যাম্পুরী আগামী ১৯ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এতে অংশগ্রহণকারী শিশু-কিশোররা বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে স্কাউটিংয়ের মৌলিক শিক্ষা ও ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।
অতিথিরা বলেন, স্কাউটিং শিশু-কিশোরদের শুধু শৃঙ্খলাবোধই শেখায় না, বরং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, দেশপ্রেম, পারস্পরিক সহযোগিতা এবং মানুষের সেবায় এগিয়ে আসার মানসিকতা তৈরি করে। এ ধরনের আয়োজনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

