নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৫ নম্বর ওয়ার্ডের দেউলি চৌরাপাড়া ও সোমবাড়িয়া বাজার এলাকায় দীর্ঘদিন ধরে বিশুদ্ধ খাবার পানির সংকট চলছে। সরকারি পানির পাম্পটি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত পাম্পটি সচল করে পানির সরবরাহ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তাঁরা।
রোববার (১৫ নভেম্বর) সকালে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ২৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। এতে বক্তব্য দেন ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নেছার উদ্দিন, বন্দর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক কবির সোহেলসহ স্থানীয় ভুক্তভোগীরা।
কর্মসূচিতে আশরাফুল ইসলাম অভিযোগ করেন, স্থানীয় এসিআই মিলের কারণে এলাকার মানুষ পানির সংকটে পড়েছেন। তাঁর দাবি, মিল কর্তৃপক্ষের লোকজন ও প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগসাজশে এলাকার সরকারি পানির পাম্পটি সরিয়ে নেওয়া হয়েছে। মেরামতের কথা বলে প্রকৌশলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা পাম্পের মোটর খুলে নিয়ে গেলেও সেটি কোনো সরকারি দপ্তরে জমা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
আশরাফুল ইসলামের আরও অভিযোগ, সাধারণ মানুষের পানির একমাত্র ভরসা সরকারি পাম্পটি গত ছয় বছর ধরে বন্ধ রয়েছে। এসিআই মিলের কর্মীরা নিজেদের স্বার্থে পাম্পটি বন্ধ রেখেছেন এবং বিভিন্নভাবে এলাকাবাসীকে হয়রানি করছেন। এ বিষয়ে ওয়াসা ও সিটি করপোরেশনসহ বিভিন্ন দপ্তরে প্রভাব খাটানোর অভিযোগও করেন তিনি। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান আশরাফুল ইসলাম।
মানববন্ধনে অংশ নেওয়া এক নারী বাসিন্দা বলেন, পানির অভাবে তাঁরা নিয়মিত গোসলসহ দৈনন্দিন কাজ করতে পারছেন না। খাবার পানির সংকটও তীব্র আকার ধারণ করেছে। দ্রুত পানির ব্যবস্থা করার দাবি জানান তিনি।
কর্মসূচি শেষে এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত পাম্পটি চালু করে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা না হলে তাঁরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

