নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়েবাড়িতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের চার দিন পর হেলাল উদ্দিনের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে দুর্ঘটনায় নিখোঁজ একই পরিবারের চার সদস্যেরই মরদেহ উদ্ধার হলো।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পল্লীবিদ্যুৎ অফিসসংলগ্ন মারিখালি নদীর রতনপুর সেতুর নিচ থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে মারিখালি নদী থেকে হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় হেলাল উদ্দিনসহ একই পরিবারের চারজন নিখোঁজ হন। পরে ২৬ সেপ্টেম্বর ভোররাত থেকে সকাল পর্যন্ত হেলালের ছেলে সজিব (২৪), মেয়ে সামিনা (১৭) ও ছোট ছেলে সামিন (৫)-এর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ সেপ্টেম্বর দুপুরে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কুমিল্লার হোমনা থেকে স্বজনদের নিয়ে ট্রলারে করে সোনারগাঁয়ের উদ্দেশে রওনা হন হেলাল উদ্দিন। মেঘনা নদী পার হওয়ার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে গেলে যাত্রীরা নদীতে পড়ে যান।
দুর্ঘটনার পর নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নদীতে তল্লাশি চালান। চার দিন পর সর্বশেষ হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে ওই পরিবারের নিখোঁজ চার সদস্যের উদ্ধার অভিযান শেষ হলো।

