নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে একটি পক্ষ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে পরাজিত শক্তি ও গুপ্তচক্র আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে অবস্থানকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আবুল কালাম বলেন, শ্রমিকরা খেটে খাওয়া মানুষ। তাঁদের ন্যায্য দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। তবে শ্রমিকদের আন্দোলনের নাম ব্যবহার করে যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, তারা প্রকৃত শ্রমিক নয়। সাধারণ শ্রমিকদের এসব কর্মকাণ্ডে সম্পৃক্ততা নেই।
তিনি আরও বলেন, একটি পক্ষ বর্তমান সরকারকে অস্থিতিশীল করা এবং দেশকে হুমকির মুখে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের তৎপরতা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে।
সংসদ সদস্য আবুল কালাম বলেন, শ্রমিকদের মজুরি সমস্যার সমাধানে সরকার ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে। আশা করা হচ্ছে, দ্রুত এ বিষয়ে সমাধান আসবে। জনপ্রতিনিধি হিসেবে তাঁরা সোমবার থেকেই পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখছেন, যাতে কেউ পোশাক কারখানার ক্ষতি করতে না পারে।

