নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী ও আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ১১ জন মাদকসেবী এবং দুজন আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার মাদকসেবীদের কয়েকজন সোনারগাঁয়ের কাঁচপুর ও ইছাপাড়া এলাকার বাসিন্দা। অন্যদিকে, গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামি হলেন উপজেলার বরগাঁও এলাকার মো. জহিরুল ইসলাম (৩০) এবং হাবিবপুর এলাকার সাদ্দাম হোসেন (৩১)।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

