নারায়ণগঞ্জের ফতুল্লায় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান, অবকাঠামোগত উন্নয়ন ও বাজারের চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে তিনি ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষার মান এবং অবকাঠামোগত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানটির বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং শিক্ষার মানোন্নয়নে করণীয় নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় শিক্ষকরা বিদ্যালয়ের দীর্ঘদিনের কিছু সমস্যা তুলে ধরেন। পাশাপাশি পরিচালনা কমিটির সভাপতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর দায়িত্ব গ্রহণের পর থেকে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখার মান বাড়াতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা জানান। তাঁরা বলেন, সভাপতি নিয়মিত বিদ্যালয়ের খোঁজখবর নিচ্ছেন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এবং তাদের সমস্যাগুলো সমাধানে উদ্যোগী ভূমিকা রাখছেন।
অধ্যাপক মামুন মাহমুদ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে শিক্ষার গুণগত মান ধরে রাখা এবং শিক্ষার্থীদের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিয়াদ মোহাম্মদ চৌধুরী, শিক্ষক প্রতিনিধি আবু সাঈদ মুন্না, অভিভাবক প্রতিনিধি তুষার আহম্মেদ মিঠু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আফরোজা আক্তার পলিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
পরে অধ্যাপক মামুন মাহমুদ ফতুল্লা থানা গেটের বিপরীতে অবস্থিত শাহ ফতেহ্ উল্লাহ্ ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন। সেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম এবং বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে অবগত হন। এ সময় মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
দিনের শেষ পর্যায়ে তিনি ফতুল্লা বাজার পরিদর্শন করেন। বাজারের চলমান উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি কাজের অগ্রগতি ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন। এ সময় বাজারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন অধ্যাপক মামুন মাহমুদ। পাশাপাশি বাজারের উন্নয়ন ও ব্যবস্থাপনায় রিয়াদ মোহাম্মদ চৌধুরীর উদ্যোগ, তত্ত্বাবধান এবং ভূমিকার প্রশংসা করেন তিনি।

