নারায়ণগঞ্জের ফতুল্লায় রিচ প্লাস নিটওয়্যার লিমিটেড কারখানা পুনরায় চালু এবং বকেয়া বেতনসহ সব আইনানুগ পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। কারখানা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে দ্রুত উৎপাদন কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন তাঁরা।
রোববার (২৫ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে প্রায় ৬০ জন শ্রমিক অংশ নেন। সমাবেশ শেষে শ্রমিকেরা একটি মিছিল নিয়ে চাষাঢ়া মোড়ে যান। সেখানে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে শ্রমিকেরা অভিযোগ করেন, তাঁদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই মালিকপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এতে তাঁরা আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। বিশেষ করে সেপ্টেম্বর মাসের বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে দৈনন্দিন খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তাঁরা।
কর্মসূচি থেকে বন্ধ কারখানা অবিলম্বে চালু করা, শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য আইনানুগ পাওনা পরিশোধ এবং জাতীয় পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মজুরি কাঠামো প্রণয়নের দাবি জানানো হয়।
সমাবেশে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্ল বলেন, শ্রমিকদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। কারখানাটি কবে চালু হবে, কিংবা শ্রমিকদের পাওনা কখন ও কীভাবে পরিশোধ করা হবে, সে বিষয়ে মালিকপক্ষের পক্ষ থেকে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।
তিনি বলেন, শ্রমিকেরা এখনো সেপ্টেম্বর মাসের বেতন পাননি। তাঁদের জীবিকা ও পরিবারের ব্যয় নির্বাহের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত এ সংকটের সমাধান করা জরুরি। অবিলম্বে কারখানা চালু করতে হবে। আর কারখানা চালু করা সম্ভব না হলে শ্রমিকদের আইনসংগত পাওনা পরিশোধের নির্দিষ্ট সময়সীমা জানাতে হবে।
আবু নাঈম খান বিপ্ল আরও বলেন, শ্রমিকদের এই সংকট নিরসনে সংশ্লিষ্ট প্রশাসন ও বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন। শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করে দ্রুত সমস্যার সমাধান করতে হবে।
সমাবেশ থেকে শ্রমিকদের কর্মসংস্থান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে মালিকপক্ষের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

