নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট ও পলিথিনের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে মজুত করা বিপুল পরিমাণ মালামাল। গোডাউনের মালিকের দাবি, এ ঘটনায় তাঁর প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। পাশের একটি গোডাউনে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনের ফুলকি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকায় মার্কাস মসজিদসংলগ্ন মো. ইব্রাহিমের গোডাউনে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই গোডাউনে থাকা ঝুট ও পলিথিনসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ইব্রাহিমের গোডাউনের পাশেই আব্দুস সাত্তার নামে এক ব্যক্তির নতুন গোডাউনে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। কাজের সময় সৃষ্ট আগুনের ফুলকি পাশের ঝুট ও পলিথিনের গোডাউনে গিয়ে পড়ে। দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যেই সেখানে আগুন ছড়িয়ে পড়ে।
গোডাউনের মালিক মো. ইব্রাহিম জানান, পুড়ে যাওয়া মালামাল বুধবার সরবরাহ করার কথা ছিল। কিন্তু আগুনে সব মালামাল নষ্ট হয়ে যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তাঁর হিসাবে, ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানানো সম্ভব হবে।

