নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক পানাম নগরী পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার (১৯ অক্টোবর) তাঁর এ সফরকে কেন্দ্র করে ঐতিহাসিক নিদর্শন ও প্রাচীন স্থাপত্যের প্রতি নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
পানাম নগরী বাংলার ঐতিহাসিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। পুরোনো ভবন, নান্দনিক স্থাপত্যশৈলী এবং অতীতের নগরজীবনের স্মৃতিবিজড়িত এই স্থান দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয়। সোনারগাঁয়ের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির পরিচয় বহন করে আসছে এই প্রাচীন নগরী।
মার্কিন রাষ্ট্রদূতের এই পরিদর্শনের মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আন্তর্জাতিক আগ্রহের বিষয়টি আবারও সামনে এসেছে। পানাম নগরী ছাড়াও সোনারগাঁয়ের লোকজ ঐতিহ্য, প্রাচীন স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ।
ঐতিহাসিক স্থাপনাগুলো যথাযথভাবে সংরক্ষণ এবং পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে সোনারগাঁয়ের ঐতিহ্য আন্তর্জাতিক পরিসরে আরও পরিচিতি পেতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম বলেন, রাষ্ট্রদূত জামদানি পল্লীতে কারুশিল্পীদের হাতে বোনা জামদানি শাড়ির কারুকাজ দেখে সন্তোষ প্রকাশ করেন। সময়ের স্বল্পতায় তিনি বড় সরদারবাড়ি ও ফাউন্ডেশনের জাদুঘরে প্রবেশ করেননি। তবে আবারও আসার কথা জানিয়েছেন।
পানাম নগরীর সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমান বলেন, রাষ্ট্রদূত পরিবার নিয়ে ঘুরতে এসেছিলেন। এটি মূলত পারিবারিক সফর ছিল। অল্প সময়ের অবস্থানে তিনি ৩৩ নম্বর ভবন থেকে শুরু করে নগরীর বিভিন্ন ভবন ঘুরে দেখেন। পানাম নগরীর পরিবেশ ও পরিচ্ছন্নতা দেখেও সন্তোষ প্রকাশ করেন তিনি।

