নারায়ণগঞ্জের শতবর্ষের ঐতিহ্যবাহী আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। পূজামণ্ডপের নান্দনিক সাজসজ্জা, সাংস্কৃতিক আয়োজন ও আয়োজকদের আন্তরিক আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন তিনি। তাঁর এ সফরে উঠে আসে নারায়ণগঞ্জের ধর্মীয় ঐতিহ্য, সাংস্কৃতিক বৈচিত্র্য ও অসাম্প্রদায়িক উৎসবের আবহ।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনে যান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে তাঁকে স্বাগত জানান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে পূজামণ্ডপে বাংলা গানের সঙ্গে নৃত্য পরিবেশন করা হয়। পাশাপাশি মণ্ডপের দীর্ঘদিনের ঐতিহ্য ও বিভিন্ন কার্যক্রম তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
পরিদর্শনকালে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জানান, শারদীয় দুর্গাপূজা সম্পর্কে জানার পর থেকেই তাঁর একটি পূজামণ্ডপ ঘুরে দেখার আগ্রহ তৈরি হয়। বিশেষ করে এমন একটি ঐতিহ্যবাহী স্থানে যেতে চেয়েছিলেন, যেখানে এর আগে কোনো মার্কিন রাষ্ট্রদূতের যাওয়ার সুযোগ হয়নি। পূজামণ্ডপের দৃষ্টিনন্দন পরিবেশ ও আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে আন্তরিক আতিথেয়তার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপের শতবর্ষের ঐতিহ্য নারায়ণগঞ্জের ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। বছরের পর বছর ধরে এই মণ্ডপে দুর্গোৎসবকে ঘিরে নানা আয়োজন হয়ে আসছে। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি উৎসবটি স্থানীয় মানুষের মিলনমেলা ও সামাজিক সম্প্রীতির উপলক্ষ হিসেবেও পরিচিত।
রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী।
এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, ব্যবসায়ী নেতা মোরশেদ সারোয়ার সোহেল, আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা ও কোষাধ্যক্ষ সানি সাহাসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনের আগে মার্কিন রাষ্ট্রদূত নগরীর ঐতিহ্যবাহী বোস কেবিনে যান এবং সেখানে চায়ের স্বাদ গ্রহণ করেন। পরে নারায়ণগঞ্জ সফরের অংশ হিসেবে তিনি সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেন। ফাউন্ডেশনের কারুপল্লিতে অবস্থিত জামদানি পল্লী ঘুরে দেখে বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্প ও কারুশিল্প সম্পর্কে ধারণা নেন।
মার্কিন রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে আমলাপাড়া পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। ঐতিহ্যবাহী পূজামণ্ডপে তাঁর এ সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যেও আগ্রহ দেখা যায়।

