ক্ষমতার বলয় ও দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সব নাগরিকের সমান অধিকার, মর্যাদা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক ধারা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় যুবশক্তির নেতারা। তাঁরা বলেছেন, অতীতের বিভাজন, জুলুম ও শোষণের রাজনীতি থেকে বেরিয়ে এসে জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে। পাশাপাশি বেকারত্ব, দুর্নীতি ও সামাজিক অসংগতির বিরুদ্ধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
শনিবার (১০ অক্টোবর) দুপুর ২টায় নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত পরিচিতি ও সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন।
জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জাহিদুল হক বাঁধনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন বলেন, রাষ্ট্রের কাছে প্রতিটি মানুষের প্রধান পরিচয় তিনি বাংলাদেশের নাগরিক। ধর্ম, পেশা কিংবা লিঙ্গের ভিত্তিতে নাগরিক অধিকারের ক্ষেত্রে কোনো বৈষম্য থাকা উচিত নয়। অতীতে বিভিন্ন গোষ্ঠী জনগণকে বিভক্ত করে ক্ষমতা চর্চা করেছে উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নেতাগিরির পরিবর্তে রাজনৈতিক সাধনার মাধ্যমে নাগরিকের অধিকার ও মর্যাদা রক্ষায় গুরুত্ব দিতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক শওকত আলী বলেন, যুবসমাজের সমস্যার স্থায়ী সমাধানে রাষ্ট্রের নীতি ও কাঠামোর সংস্কার প্রয়োজন। বেকারত্ব দূর করা এবং জনমুখী নীতি বাস্তবায়নে রাষ্ট্রকে জবাবদিহির আওতায় রাখতে যুবসমাজকে বুদ্ধিবৃত্তিকভাবে প্রস্তুত হতে হবে।
এনসিপির নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক জুবায়ের আহমেদ সরদার বলেন, জাতীয় যুবশক্তি লাঠিয়াল বাহিনী কিংবা চাঁদাবাজির রাজনীতিতে বিশ্বাস করে না। তরুণদের কর্মসংস্থান, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সমাজের অনিয়ম ও অসংগতির বিরুদ্ধে সংগঠিতভাবে কাজ করতে হবে।
এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান বলেন, প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির মতো পুরোনো রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে জাতীয় যুবশক্তিকে সতর্ক ভূমিকা পালন করতে হবে। গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে নারায়ণগঞ্জের প্রতিটি ঘরে নতুন রাজনীতির বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার মুখ্য সংগঠক নূরজামাল হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, এনসিপি নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব জুবায়ের হোসেন তামজিদ, মহানগর সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম এবং জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সদস্য শাহাবুদ্দিন শান্ত।
এ ছাড়া ফতুল্লা থানা আহ্বায়ক হাসান শিকদার, জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক জারিফ কামরান অনন্ত, মহানগর সংগঠক মাহবুব শান্তসহ জাতীয় যুবশক্তি ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।
সভায় বক্তারা তরুণদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতিবিরোধী অবস্থান এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

