যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরা একটি নেভি ব্লু রঙের স্যুটের উৎপাদনকারী দেশ নিয়ে আলোচনা শুরু হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহিরের দাবি, স্যুটটি বাংলাদেশে তৈরি।
গত ৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের গ্র্যান্ড আইল্যান্ডে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ শীর্ষক সমাবেশে ট্রাম্পকে স্যুটটি পরা অবস্থায় দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে টেক্সটাইল টাইমসের প্রকাশিত তথ্য অনুযায়ী, সমাবেশের একপর্যায়ে তিনি স্যুটের জ্যাকেট খুলে ফেলেন। এরপর পোশাকটির উৎপাদনকারী দেশ নিয়ে আলোচনা ছড়িয়ে পড়ে।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের পরা স্যুটটি সম্ভবত বাংলাদেশ অথবা চীনে তৈরি। যুক্তরাষ্ট্রের উৎপাদনশিল্পকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দেওয়া ট্রাম্পের পরনে আমদানি করা পোশাক থাকার বিষয়টিও প্রতিবেদনে আলোচনায় আসে।
এদিকে, স্যুটটি বাংলাদেশে তৈরি বলে দাবি করেছেন নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, একজন ধনকুবের প্রেসিডেন্ট যখন গর্বের সঙ্গে বাংলাদেশে তৈরি সাশ্রয়ী দামের স্যুট পরেন, তখন তা দেশের কারিগরি দক্ষতা ও সাশ্রয়ী উৎপাদন সক্ষমতার পরিচয় বহন করে।
শরীফ জহির আরও বলেন, বিষয়টি তাঁদের প্রতিষ্ঠানের দক্ষ কর্মীদের জন্য গর্বের মুহূর্ত। একই সঙ্গে এটি বাংলাদেশের বিশ্বমানের পোশাকশিল্পের সক্ষমতারও প্রতিফলন।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেডে পুরুষদের স্যুট, জ্যাকেট, ওভারকোট ও ট্রাউজারসহ বিভিন্ন ধরনের পোশাক তৈরি হয়। প্রায় পাঁচ লাখ বর্গফুট আয়তনের কারখানাটিতে আধুনিক কাটিং, সেলাই ও প্রেসিং প্রযুক্তি ব্যবহার করা হয়।
এ ছাড়া কারখানাটিতে স্বয়ংক্রিয় উৎপাদনব্যবস্থার পাশাপাশি পোশাক পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রেও আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ট্রাম্পের পরা স্যুটটি বাংলাদেশে তৈরি হয়ে থাকলে তা দেশের তৈরি পোশাকশিল্পের আন্তর্জাতিক সক্ষমতার পরিচিতি তুলে ধরার একটি উল্লেখযোগ্য ঘটনা। তবে স্যুটটির উৎপাদনকারী প্রতিষ্ঠান সম্পর্কে শরীফ জহিরের দাবির স্বাধীন নিশ্চিতকরণ ছাড়া বিষয়টিকে চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত তথ্য হিসেবে দেখার সুযোগ নেই।

