পর্দায় নানা চরিত্রে দেখা গেলেও ব্যক্তিজীবনে প্রাণীদের প্রতি ভালোবাসার কথা প্রায়ই প্রকাশ করেন অভিনেত্রী পূজা চেরি। এবার পোষা বিড়ালদের সঙ্গে বেশ কিছু স্নিগ্ধ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভক্তদের নজর কেড়েছেন তিনি। ছবিগুলোর সঙ্গে দেওয়া তার একটি বার্তাও বেশ আলোচনা তৈরি করেছে।
সম্প্রতি ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেন পূজা। ধূসর রঙের পোশাকে ঘরে বসে থাকা এই অভিনেত্রীকে কখনো বিড়াল কাঁধে, কখনো কোলে নিয়ে আদর করতে দেখা যায়। মৃদু সাজ আর মুখের হাসিতে ছবিগুলোতে ফুটে উঠেছে তার অন্যরকম এক আবহ।
একটি ছবিতে ছোট্ট সাদা-বাদামি বিড়ালকে কাঁধে নিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন পূজা। অন্য ছবিতে ধূসর-সাদা রঙের একটি বিড়ালকে কোলে নিয়ে হাসতে দেখা যায় তাকে। আরেকটি ছবিতে বাদামি-সাদা রঙের বিড়ালকে আদর করছেন এই অভিনেত্রী।
ছবিগুলোর সঙ্গে পূজা চেরি লিখেছেন, ‘পৃথিবী নিষ্ঠুর হতে পারে, তাই আমি নিজের ভেতর কিছুটা কোমলতা ধরে রাখার পথ বেছে নিয়েছি।’
তার এই কথার মধ্য দিয়ে জীবনের নানা ব্যস্ততা ও কোলাহলের মধ্যেও নিজের ভেতরের কোমলতাকে ধরে রাখার বার্তাই যেন দিয়েছেন অভিনেত্রী। বিড়ালদের সঙ্গে তার মায়াময় মুহূর্তের ছবিগুলোও ভক্তদের নজর কেড়েছে। অনেকেই তার এই ভালোবাসার প্রশংসা করছেন।
শোবিজের কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানান মুহূর্তও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন পূজা। সাম্প্রতিক সময়ে তার বাগদান ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন থাকলেও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি। বরং নিজের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন।
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা পূজা চেরি অল্প সময়েই ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেছেন। বর্তমানে তার হাতে রয়েছে বেশকিছু আলোচিত কাজ। ‘টগর’, ‘আগুন্তক’ ও ‘দম: আনটিল দ্য লাস্ট ব্রেথ’সহ কয়েকটি সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।

