নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলের চেষ্টার অভিযোগে স্থানীয় সংসদ সদস্যের ছেলে ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশাসহ আটজনের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সাবেক বন্দর উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেনের স্ত্রী নার্গিস মাকসুদ বাদী হয়ে এ অভিযোগ দেন। এর আগে গত ১ অক্টোবর লাঙ্গলবন্দে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ এনে গণমাধ্যমে বক্তব্য দেন তিনি। ওই ঘটনার পরই পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করা হলো।
অভিযোগে আবুল কাউছার আশা ছাড়াও মেসার্স বাবুল প্লাস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মালিক জাহাঙ্গীর আলম বাবুল, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ লিটন, মুসাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া, বন্দর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, বিএনপি নেতা পাখি মিয়া, আনোয়ার প্রধান ও মাহবুব ওরফে ভাঙ্গারীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও প্রায় ১১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
লিখিত অভিযোগে নার্গিস মাকসুদ দাবি করেন, লাঙ্গলবন্দ এলাকায় তার পিতা মরহুম কাজী গিয়াসউদ্দিন ও ভাসুর মরহুম আনোয়ার হোসেনের মালিকানাধীন প্রায় ১৫০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তার অভিযোগ, মেসার্স বাবুল প্লাস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ওই জমি দখলের চেষ্টা করছে।
অভিযোগ অনুযায়ী, জমি নিয়ে বন্দর সিভিল জজ আদালতে দেওয়ানি মামলা করা হলে আদালত সংশ্লিষ্ট জমির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। এরপর সেখানে সাইনবোর্ডও স্থাপন করা হয়।
অভিযোগে আরও বলা হয়, গত পাঁচ বছর ধরে ওই এলাকায় মাহমুদুল হাসান শুভর ব্যবসায়িক অফিস, বালুর গদি ও একটি জিম পরিচালিত হয়ে আসছিল। পরবর্তী সময়ে জমি নিয়ে বিরোধ ও আইনি জটিলতার কারণে জিমের মালামাল সরিয়ে নেওয়া হলেও অফিস ও বালুর গদি সরিয়ে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়। একই সঙ্গে চাঁদা দাবির অভিযোগও করা হয়েছে।
নার্গিস মাকসুদের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর গত ১ অক্টোবর সকাল ১০টার দিকে শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের অফিস ও বালুর গদিতে হামলা চালায়। এ সময় ম্যানেজার, কেয়ারটেকার ও ভেকুচালককে মারধর করে বের করে দেওয়া হয়। ক্যাশে থাকা ১ লাখ ২ হাজার টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া অফিসে থাকা এসি, সিসি ক্যামেরা, আসবাবপত্র, ল্যাপটপ এবং দরজা-জানালার কাঁচ ভাঙচুর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। পরে বালুর কাজে ব্যবহৃত ভেকু সরিয়ে দিয়ে প্রতিষ্ঠানের প্রবেশপথে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, একই দিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে লাঙ্গলবন্দ বাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেনের ব্যক্তিগত অফিসেও দখলের ঘটনা ঘটে। সেখানে থাকা তার ব্যানার সরিয়ে বর্তমান সংসদ সদস্যের ব্যানার টানানো হয়েছে বলে অভিযোগকারীর দাবি।
এদিকে, ১ অক্টোবরের ঘটনার বিষয়ে আবুল কাউছার আশা অভিযোগ অস্বীকার করে জানিয়েছিলেন, তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীর যাত্রাপথে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন। পরে কী হয়েছে, তা তার জানা নেই।
অন্যদিকে, বন্দর থানার পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লোকজন সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছিল। ক্ষয়ক্ষতির বিষয়ে পুলিশ তখন নিশ্চিত ছিল না এবং লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল।
বর্তমানে জমির মালিকানা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, অর্থ লুট ও দখলের অভিযোগ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। এ ঘটনায় পুলিশ সুপারের কাছে দেওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রকৃত ঘটনা ও জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

