প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় অবস্থান নিয়েছেন মহানগর যুবদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই মহানগর যুবদলের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি নেন।
মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা সকাল থেকে সাইনবোর্ড এলাকায় অবস্থান করেন। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা ও বিভিন্ন ব্যানার দেখা যায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর সাইনবোর্ড অতিক্রম করার সময় তাকে স্বাগত জানান মহানগর যুবদলের নেতাকর্মীরা।
আজ সকাল ৮টা ৩৬ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফর সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফেনীতে প্রথম সফর।
সরকারি সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী দুপুর সাড়ে ১২টার দিকে ফেনীর পরশুরাম উপজেলার ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর ফুলগাজীতে বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে অভিবাদন জানান। নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা পর্যন্ত কয়েকটি পয়েন্টে সকাল ৮টার পর থেকেই নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন।
এদিকে সাইনবোর্ড এলাকায় মহানগর যুবদলের নেতাকর্মীদের অবস্থানকে কেন্দ্র করে মহাসড়কের আশপাশে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। প্রধানমন্ত্রীকে একনজর দেখা ও তাকে স্বাগত জানানোর জন্য নেতাকর্মীরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেন।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, ফেনীতে দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৫টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

