শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা। গুজব শনাক্ত ও প্রতিরোধে জেলা পুলিশের বিশেষ একটি টিম সার্বক্ষণিক নজরদারি করবে বলেও জানান তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন পুলিশ সুপার।
সভায় পুলিশ সুপার বলেন, গুজব প্রতিরোধে জেলা পুলিশের একটি বিশেষ টিম সার্বক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নজরদারি করবে। ফেক নিউজ কিংবা এআই ব্যবহার করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে কি না, সেটিও শনাক্তের চেষ্টা করা হবে। গুজবের কোনো তথ্য পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, যেকোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে জেলা পুলিশ প্রস্তুত থাকবে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
দেশের বাইরে থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর আশঙ্কার কথা উল্লেখ করে হাবিবুর রহমান বলেন, এ বিষয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালুর উদ্যোগ নেওয়া হবে। কোথাও কোনো সমস্যা বা অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া গেলে ওই গ্রুপের মাধ্যমে দ্রুত সংশ্লিষ্টদের জানানো যাবে।
গত বছরের দুর্গাপূজার প্রসঙ্গ তুলে পুলিশ সুপার বলেন, গতবার পূজাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ তৈরির নানা চেষ্টা হয়েছিল। এবার পরিস্থিতি ভিন্ন উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, দুর্গাপূজার পরিবেশ নষ্ট কিংবা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো ষড়যন্ত্র বা অপতৎপরতার তথ্য আগেই শনাক্ত করা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথাও জানান তিনি। জেলার বিভিন্ন পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন বলে জানান পুলিশ সুপার। এর আগে ১৫ সেপ্টেম্বরের এক প্রস্তুতি সভাতেও প্রতিটি মণ্ডপে নিরাপত্তা, সিসিটিভি, মোবাইল টিম ও গোয়েন্দা নজরদারির ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল।

