নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, বিএনপির পাশে থেকে যারা অতীতে দলের নেতাকর্মীদের সহযোগিতা করেনি, বরং নিজেদের স্বার্থ হাসিল করেছে—তারা এখন আবারও দলে মিশে যাওয়ার চেষ্টা করছে। এসব ব্যক্তির ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নবীগঞ্জে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার নেতৃত্বে আয়োজিত মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম বলেন, ‘আপনারা জানেন, আপনাদের পাশেই দোসর আছে। যারা আপনাদের ও বিএনপিকে সহযোগিতা করেনি, তারা ঘাপটি মেরে নিজেদের ফায়দা লুটেছে। তাদের আপনারা চেনেন ও জানেন। তাদের ব্যাপারে সাবধান থাকবেন। তারা গায়ে গায়ে মিশে থাকার চেষ্টা করছে। স্বার্থ শেষ হয়ে গেলে আবার উড়াল দেবে।’
বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, ‘গত ১৮ বছর বিএনপির নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি। আমাদের সন্তানদের হারাতে হয়েছে, আমরা ভোটের অধিকার হারিয়েছিলাম। শুধু বুকের মধ্যে ছিল ধানের শীষ। আবার সেই ষড়যন্ত্র দেশে শুরু হয়েছে। আপনারা কি আগের সময়ে ফিরে যেতে চান?’
তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ, আমাদের বুকে শহীদ জিয়ার ধানের শীষ নিয়ে রাজপথে ছিলাম, আছি এবং থাকব। বিদেশে থেকেই আমাদের তারেক রহমান যে পথ দেখিয়েছিলেন, সেই পথ ধরে আমরা নির্বাচিত হয়েছি।’
আবুল কালাম বলেন, বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষরা এখনো সক্রিয় রয়েছে। তাঁর ভাষ্য, ‘আমাদের শত্রুরা কিন্তু এখনো থেমে নেই। তারা আবারও ফিরে আসার পাঁয়তারা শুরু করেছে। যাদের ফিরে আসা উচিত বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য।’
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘হেলিকপ্টার থেকে শিশুদের গুলি করে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি, আমাদের সূর্যসন্তানদের গুলি করে হত্যা করা হয়েছে। জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার ক্ষমতা রুখে দিতে সংগ্রাম হয়েছিল। আমরা ফ্যাসিস্টদের বিনা বিচারে ছাড়তে পারি না। তাদের আইনের আওতায় আসতে হবে এবং জনরায় মাথা পেতে নিতে হবে।’
বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে রাজপথে রয়েছে। সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধেও দলটি অবস্থান নিতে জানে। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে কেউ সফল হতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আবুল কালাম বলেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। আগামীতে সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন নির্বাচন আসছে। আপনাদের পাশেই যারা দোসর হিসেবে ঘাপটি মেরে আছে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘শহর ও বন্দরের উন্নয়নে যেসব আশ্বাস রয়েছে, সেগুলো পাঁচ বছরে বাস্তবায়ন করা হবে। আপনারা আমাকে ২০ বছর পর পরীক্ষার মাধ্যমে ফিরিয়ে এনেছেন। শহর-বন্দরের মানুষের চাহিদা পূরণ করে যাব, ইনশাআল্লাহ।’

