ক্ষমতার পালাবদলের পর নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে বিগত সময়ে কারা প্রভাবশালী ওসমান পরিবারের ঘনিষ্ঠ ছিলেন, কারা তাদের সঙ্গে রাজনৈতিক ও ব্যক্তিগত যোগাযোগ রেখে চলেছেন এবং সেই সম্পর্কের প্রভাব বর্তমান রাজনীতিতে কতটা রয়েছে। বিশেষ করে বিএনপির বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে ওসমান পরিবারের সদস্যদের পুরোনো ছবি, ভিডিও ও রাজনৈতিক কর্মকাণ্ডের নানা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় শুরু হয়েছে নতুন বিতর্ক।
নারায়ণগঞ্জের রাজনীতিতে দীর্ঘদিন প্রভাবশালী অবস্থানে থাকা ওসমান পরিবারের অন্যতম সদস্য ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান। ২০১৪ সালের উপনির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হন এবং ২০২৪ সালের ৬ আগস্ট পর্যন্ত সংসদ সদস্য ছিলেন।
বর্তমানে সেলিম ওসমানকে ঘিরে পুরোনো রাজনৈতিক যোগাযোগের বিষয়টি নতুন করে সামনে আসছে। এরই মধ্যে সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শওকত হাসেম শকুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এবং ছবি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। ওই ভিডিওতে সেলিম ওসমানকে নিয়ে শকু বলেছেন আমি সেলিম ওসমানের দালাল হয়ে গর্ববোধ করি ।তা ছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে পলাতক সেলিম ওসমানের সকল ব্যাবসা নিয়ন্ত্রণ করছেন শওকত হাসেম শকু ।
রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, শওকত হাসেম শকু বর্তমানে মহানগর বিএনপির গুরুত্বপূর্ণ পদে আসার জন্য তৎপর। ফলে তার অতীত রাজনৈতিক যোগাযোগ এবং সেলিম ওসমানের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়েই বিএনপির তৃণমূলের একটি অংশের মধ্যে প্রশ্ন উঠছে।
একইভাবে নারায়ণগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালামের পুত্র ও তার রাজনৈতিক সচিব এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ২৩নং ওর্য়াড কাউন্সিলর আবুল কাউসার আশাকে ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পুরোনো ছবি ছড়িয়ে পড়েছে। ছবিগুলোতে তাকে সেলিম ওসমানের সঙ্গে দেখা যাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।
তবে শুধু কারও সঙ্গে ছবি থাকা থেকেই রাজনৈতিক আনুগত্য বা গোপন সম্পর্কের বিষয়টি নিশ্চিত করা যায় না এমন কথাও বলছেন সংশ্লিষ্টদের অনেকে। কাউসার আশা বর্তমানে মহানগর বিএনপির সক্রিয় নেতা হিসেবে বিভিন্ন দলীয় কর্মসূচিতে বক্তব্য দিয়ে আসছেন।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও ১৩নং ওর্য়াড সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদকেও ঘিরে একই ধরনের আলোচনা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি নিয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন উঠেছে। দীর্ঘদিন রাজপথের আন্দোলনে সক্রিয় থাকা এই নেতার রাজনৈতিক অতীতের সঙ্গে বর্তমান অবস্থানের তুলনা টেনে অনেকে নানা মন্তব্য করছেন।
তবে ছবি বা কোনো অনুষ্ঠানে উপস্থিতির ভিত্তিতে কারও রাজনৈতিক অবস্থান সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো নিয়েও সতর্ক থাকার দাবি উঠেছে। মাকসুদুল আলম খন্দকার আওয়মীলীগ সরকারের আমলে ৮০টির বেশি মামলার আসামী এবং ১২ বারের বেশি সময় কারাগারে ছিলেন।
বন্দরের সাবেক ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহেন শাহকে নিয়েও ওসমান পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টি বিভিন্ন সময় আলোচনায় এসেছে। তার অতীত রাজনৈতিক কর্মকাণ্ড ও প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ নিয়ে স্থানীয় রাজনীতিতে নানা অভিযোগ রয়েছে বলে বিএনপির নেতাকর্মীদের একটি অংশ দাবি করছে।তবে তার অনুসারিদের দাবী কাউন্সিলর হিসেবে নানা ধরনের অনুষ্ঠানে তাকে উপস্থিত থাকতে হয়েছে ।
ওসমান পরিবারের সঙ্গে অতীত যোগাযোগের অভিযোগ থেকে বাদ যাচ্ছেন না নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। বিভিন্ন সময়ে সেলিম ওসমান, শামীম ওসমান ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে তার ছবি এবং রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে।
২০১৩ সালের নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে তিনি সেলিম ওসমানের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন এবং পরবর্তী সময়েও ওসমান পরিবারের বিভিন্ন নির্বাচনী কর্মকাণ্ডে তার উপস্থিতি ছিল।
অন্যদিকে সাম্প্রতিক সময়েও তাকে বিএনপির কর্মসূচিতে সক্রিয় দেখা যাচ্ছে। ২০২৫ সালে তাকে মহানগর মহিলা দলের সভানেত্রী হিসেবে বিএনপির ৩১ দফা কর্মসূচির প্রচারে নেতৃত্ব দিতে দেখা যায়।
এমনকি ২০২৬ সালেও তাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক থামেনি। আইভীর মুক্তির পর অভিনন্দন জানানো নিয়েও তিনি সমালোচনার মুখে পড়েছিলেন ।
মহানগর মহিলা দলের নেত্রী বিভা হাসানকে নিয়েও অতীতে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে ঘনিষ্ঠতার সর্ম্পক রয়েছে। দীর্ঘ সময় তিনি আইভীর সঙ্গে তার রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ ছিল এবং এ নিয়ে মহিলা দলের অভ্যন্তরে বিতর্ক রয়েছে।
একইভাবে মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আয়শা আক্তার দিনাকে নিয়েও অতীতের রাজনৈতিক যোগাযোগ ও বিভিন্ন অনুষ্ঠানে ওসমান পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিতির ছবি নিয়ে প্রশ্ন তুলছেন বিএনপির কিছু নেতাকর্মী।
নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে ওসমান পরিবারের রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা রয়েছে। বিভিন্ন সময়ে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তাদের যোগাযোগ ও সামাজিক অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে সংবাদও প্রকাশিত হয়েছে। এমনকি সাম্প্রতিক বছরগুলোতেও ‘ওসমান পরিবারের প্রভাবমুক্ত’ নারায়ণগঞ্জের রাজনীতি ও বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে আলোচনা হয়েছে।
বর্তমানে বিএনপির রাজনীতিতে নতুন করে নেতৃত্বের পুনর্বিন্যাস, পদ-পদবি নিয়ে লবিং এবং তৃণমূলের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা শুরু হওয়ায় অতীতের রাজনৈতিক সম্পর্কগুলোও সামনে আনা হচ্ছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওকে কেন্দ্র করে একদিকে যেমন নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, অন্যদিকে সংশ্লিষ্ট নেতাদের রাজনৈতিক অবস্থান নিয়েও চলছে নানা হিসাব-নিকাশ।
নারায়ণগঞ্জের রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন ক্ষমতার পালাবদলের পর যারা নতুন রাজনৈতিক পরিচয়ে সক্রিয় হয়েছেন, তাদের অতীতের রাজনৈতিক সম্পর্ক ও ভূমিকা কতটা খতিয়ে দেখা হবে? নাকি পুরোনো পরিচয় ও সম্পর্কের হিসাব চাপা পড়ে যাবে নতুন রাজনৈতিক সমীকরণের আড়ালে সেটিই এখন দেখার বিষয়।

