নারায়ণগঞ্জের বন্দরে অটোরিকশা ও ইজিবাইক গ্যারেজে ঢুকে ম্যানেজারসহ কয়েকজনকে হাত-পা ও মুখ বেঁধে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ব্যাটারি ও অন্যান্য মালামাল লুটের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার হৃদয়কে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
রবিবার (২৩ আগস্ট) র্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে রাত ২টা ৫ মিনিটে ফতুল্লা থানার ভূঁইঘর এলাকায় অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হৃদয় (২৯) বরিশালের মুলাদী থানার আলিমাবাদ এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবদুর রব হাওলাদার এবং মায়ের নাম মোকসেদা বেগম। র্যাবের তথ্য অনুযায়ী, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ডাকাতির নয়টি মামলা রয়েছে।
র্যাব সূত্র জানায়, গত ১ জুলাই রাতে বন্দরের আন্দিরপাড় এলাকায় সাহেরা গার্ডেনের পাশে মরিয়ম অটো-সিএনজি গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটে। সেদিন গ্যারেজে ৩২টি অটোরিকশা, মিশুক ও ইজিবাইক চার্জে রাখা ছিল।
ভোর সাড়ে ৪টার দিকে হৃদয়সহ ৮ থেকে ৯ জনের একটি ডাকাত দল গ্যারেজের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গ্যারেজের ম্যানেজার ফয়সালসহ কয়েকজন অটোরিকশার মালিককে জিম্মি করা হয়।
একপর্যায়ে ডাকাতরা রশি ও কাপড় দিয়ে তাদের হাত-পা ও মুখ বেঁধে মাটিতে ফেলে রাখে। এরপর গ্যারেজ থেকে নগদ ২২ হাজার টাকা এবং অটোরিকশা, মিশুক ও ইজিবাইকের ১০৮টি ব্যাটারি নিয়ে পালিয়ে যায়। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গ্যারেজের মালিক নিলুফা আক্তার বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। মামলা দায়েরের পর জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব-১১।
পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফতুল্লার ভূঁইঘর এলাকায় অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে ডাকাতির ওই ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
এদিকে, নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্র মো. ওয়াজেদ সীমান্ত হত্যা মামলায় তিন আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

