জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস এ. স্টুয়ার্টের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম ছয় মাসের কার্যক্রম, প্রশাসনিক বিভিন্ন পদক্ষেপ, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আলোচনায় গুরুত্ব পায়।
এ ছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিয়েও মতবিনিময় করেন তারা। নতুন রাজনৈতিক বাস্তবতায় জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ আরও সুদৃঢ় করার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে এমপি আব্দুল্লাহ আল আমিন নতুন ধারার রাজনীতিতে এনসিপির নীতিগত অবস্থান, প্রত্যাশা ও ভবিষ্যৎ ভূমিকার বিষয়গুলো তুলে ধরেন। তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা এবং বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক অংশীদারদের গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

