নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। এর আগে সোমবার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—সোনারগাঁয়ের গিরদাইন এলাকার মো. মুছা মিয়ার ছেলে মো. শাহিন (২৭), বর্তমানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি উত্তরপাড়া এলাকায় বসবাসকারী; গোদনাইল নয়াপাড়া লেকপাড় এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে মো. মেহেদী হাসান (২১) এবং একই এলাকার মৃত ফজলুল হকের ছেলে মো. রফিকুল ইসলাম বাবু (৪৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোদনাইল নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রফিকুল ইসলাম বাবুর বাড়ির উঠান থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, উদ্ধার করা ইয়াবাসহ গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

