নারায়ণগঞ্জের বন্দরে মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও অবৈধ অস্ত্রবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও বিভিন্ন মামলার আসামি রয়েছেন
রোববার (৬ সেপ্টেম্বর) রাত থেকে সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, বন্দর রেললাইন ভাঙা ব্রিজ এলাকায় ছিনতাইয়ের অভিযোগে জহির (২২), আকাশ আহাম্মেদ নাজমুল (২২) ও হোসেন (২২) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই করা নগদ টাকা ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, সালেহনগর এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ শাকিল (৩৬) ও শাহিন (৪৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বাড়ীখালী এলাকায় অভিযান চালিয়ে পূর্বের চুরি মামলার আসামি স্বপন (৩৩), মোজাম্মেল (১৯), সিফাত (১৮) ও মিনহাজ (১৯)কে গ্রেপ্তার করা হয়। এছাড়া কদম রসুল এলাকা থেকে পূর্বের মামলার আসামি মুরাদ হোসেন (৩৫) এবং বন্দর রেললাইন এলাকা থেকে হিমন (২৯)কে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বন্দর থানা এলাকা থেকে রাকিবুল হাসান (৩৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, ৭ সেপ্টেম্বর রাতে থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে বিশেষ অভিযানে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

