নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদক, কিশোর গ্যাং, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে পৃথক অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ ও র্যাব-১১। এসব অভিযানে ১২২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ৫ সেপ্টেম্বর রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কদম রসুল (একরামপুর) এলাকা থেকে ৫৩ পিস ইয়াবাসহ সিয়াম (২৪)কে গ্রেপ্তার করা হয়।
একই রাতে শান্তিনগর পায়রা চত্বর এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ শাওন (৩৫) ও আকাশ (৩৩) নামে দুজনকে আটক করা হয়। পরে ৬ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে মদনপুরের আন্দিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবাসহ শাকিব (১৯)কে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, পৃথক অভিযানে গ্রেপ্তার চারজনের কাছ থেকে মোট ১২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া পুলিশের অভিযানে পূর্বের মামলায় তিনজন, গ্রেপ্তারি পরোয়ানামূলে চারজন এবং ফৌজদারি কার্যবিধি আইনে একজনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানের অংশ হিসেবে ৬ সেপ্টেম্বর রাতে বন্দর থানা এলাকার বিভিন্ন স্থানে মাদক সেবনের অভিযোগে আরও ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মদনপুর ছোটবাগ এলাকায় অভিযান চালায় র্যাব-১১। এ সময় ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোটসহ সাইফুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও র্যাবের পৃথক অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদক, ছিনতাই, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

