নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় যৌথ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগানসহ ইমন খলিফা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লকে অভিযানটি পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, চনপাড়া এলাকায় এক যুবকের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে—গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে র্যাব-১১ সদর কোম্পানি ও রূপগঞ্জ থানা পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ইমন খলিফা পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।
গ্রেপ্তার ইমন খলিফা ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার তারাবুনিয়া এলাকার মধু খলিফার ছেলে। তিনি বর্তমানে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লকে বসবাস করছিলেন।
পরে গ্রেপ্তার ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই ব্লকের একটি ভবনের সিলিংয়ের ওপর অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, উদ্ধার করা আগ্নেয়াস্ত্রসহ ইমন খলিফাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

