নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়ায় গুলিবিদ্ধ ও ছুরিকাহত অবস্থায় শুভ দাস (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১টার দিকে পৌর হকার্স মার্কেটের পেছনের একটি গলি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শুভ দাস চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মতলব বাজার এলাকার হরি চন্দ্র দাসের ছেলে। তিনি নারায়ণগঞ্জ নগরীর গলাচিপা এলাকার বিশার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, হকার্স মার্কেটের পেছনের গলিতে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদর মডেল থানার এসআই মো. কাজল মিয়া ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় নিশ্চিত করে পুলিশ।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, নিহতের বুকে গুলির আঘাত রয়েছে। শরীরে কয়টি গুলি লেগেছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
পুলিশের দাবি, নিহতের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। এ কারণে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
তবে শুভ দাসকে কারা এবং কীভাবে হত্যা করেছে, হত্যার পেছনে প্রকৃত কারণ কী—এসব বিষয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

