ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চে নারায়ণগঞ্জের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত পথসভায় অংশ নেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন শীর্ষ নেতা।
পথসভায় উপস্থিত থাকার কথা রয়েছে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম সদস্য সচিব ও এমপি আবদুল্লাহ আল আমিনের।
লংমার্চকে ঘিরে ইতোমধ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ে প্রস্তুতি শুরু করেছে ১১ দলীয় ঐক্যভুক্ত দলগুলোর নেতাকর্মীরা। বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণার পাশাপাশি কর্মসূচিতে ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি চলছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও জেলার বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হচ্ছে। দলটির আমীর নারায়ণগঞ্জের কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার তিন নেতার উপস্থিতির বিষয়টি নিশ্চিত করে জানান, মদনপুরের পথসভায় তাঁরা অংশ নেবেন। লংমার্চ সফল করতে জেলার প্রতিটি ইউনিট ও অঙ্গসংগঠনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
১১ দলীয় ঐক্যের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস-সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধ।

