নারায়ণগঞ্জে বিএনপির সরকার গঠনের পর গত ছয় মাসে দলটির সাংগঠনিক চিত্র নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনগুলোর বিভিন্ন ইউনিটে একের পর এক সংঘাত, হাতাহাতি, আধিপত্য বিস্তার, দখলকে কেন্দ্র করে বিরোধ এবং নেতাকর্মীদের পরস্পরবিরোধী অবস্থান দলটির অভ্যন্তরীণ শৃঙ্খলা ও ‘চেইন অব কমান্ড’ নিয়ে আলোচনা তৈরি করেছে।
রাজনৈতিক কর্মসূচির বাইরেও পরিবহন, ঝুট ব্যবসা, সরকারি জমি, মার্কেট নিয়ন্ত্রণ কিংবা স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পক্ষের বিরোধ প্রকাশ্যে এসেছে। কোথাও দলীয় নেতাকর্মীরা পরস্পরের বিরুদ্ধে হামলায় জড়িয়েছেন, কোথাও আবার শীর্ষ নেতাদের উপস্থিতিতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার অভিযোগ উঠেছে।
ফলে তৃণমূলের একটি অংশের মধ্যে প্রশ্ন উঠেছে সরকারে আসার পর বিএনপির মাঠপর্যায়ের নেতৃত্ব কি আগের মতো সাংগঠনিক নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছে?
দলের প্রতিষ্ঠাবার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ কর্মসূচিতেও নারায়ণগঞ্জ বিএনপির অভ্যন্তরীণ শৃঙ্খলার চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। গত ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজিত র্যালিতে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
শহরের মিশনপাড়া থেকে র্যালিটি বের হয়ে চাষাঢ়া সমবায় মার্কেটের সামনে পৌঁছালে মিছিলের সামনের সারিতে দাঁড়ানো নিয়ে কয়েকজন নেতাকর্মীর মধ্যে প্রথমে ধাক্কাধাক্কি এবং পরে হাতাহাতি শুরু হয়।এ সময় মহানগর বিএনপির সদস্য শাহীন আহমেদকে একটি পক্ষের কয়েকজন মারধর করেন বলে অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও তাকে কিল-ঘুষি মারা এবং পোশাক টানাটানির দৃশ্য দেখা যায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নিজেই এগিয়ে এসে শাহীন আহমেদকে সরিয়ে নেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। অথচ এর কিছুক্ষণ আগেই একই কর্মসূচিতে তিনি নেতাকর্মীদের সুশৃঙ্খল থাকার এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছিলেন। ঘটনাটিকে তাই নিছক ‘সামনের সারিতে দাঁড়ানো নিয়ে ধাক্কাধাক্কি’ হিসেবে দেখছেন না তৃণমূলের অনেকে। তাদের প্রশ্ন, দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এবং দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর মতো কর্মসূচিতেও যদি নেতাকর্মীরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন, তাহলে মাঠপর্যায়ে নেতৃত্বের সাংগঠনিক নিয়ন্ত্রণ কতটা কার্যকর রয়েছে?
সাম্প্রতিক সময়ে ফতুল্লায় বিএনপির অভ্যন্তরীণ বিরোধ আরও প্রকাশ্য হয়েছে। ২ সেপ্টেম্বর ফতুল্লা থানা বিএনপির দুই নেতার ওপর হামলার অভিযোগে মোহন আহমেদ ওরফে মমিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করেন। ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক আবদুল বারী ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তার প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক সব পদ স্থগিতের কথা জানানো হয়।
গত এপ্রিল মাসে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রাজাপুর খেয়াঘাটের ইজারা নিয়ে বিএনপি, এনসিপি ও স্থানীয় একটি পক্ষের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। একই সময়ে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বিএনপির সমর্থক দুই পক্ষের সংঘর্ষের ঘটনাও সামনে আসে।
এপ্রিলেই ফতুল্লার এনায়েতনগরে গার্মেন্টসের ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের খবর প্রকাশিত হয়। এতে মাদরাসাছাত্রসহ কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে।
জুন মাসে ফতুল্লায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়ার ওপর যুবদলের একটি পক্ষের নেতাকর্মীদের হামলার অভিযোগ প্রকাশ্যে আসে। একটি অনুষ্ঠানে ছবি তোলাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়েছিল বলে বলে অভিযোগ পাওয়া যায়।এরপর জুলাইয়ে নারায়ণগঞ্জ শহরের পরিবহন খাত নিয়েও বিএনপি-সংশ্লিষ্ট দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে আসে। বন্ধন পরিবহনের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটে।
একই মাসে নারায়ণগঞ্জ শহরে মহানগর বিএনপির এক নেতার বিরুদ্ধে বাস আটকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে। অভিযোগের প্রতিবাদে পরিবহন মালিক ও শ্রমিকদের ধর্মঘটের ঘটনা ঘটে।
সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ফতুল্লা। গত আগস্টে সড়ক ও জনপথ বিভাগের জমিতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। চাঁনমারী এলাকায় ওই ঘটনায় ফতুল্লা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি মহানগর বিএনপির একটি পক্ষের নেতাকর্মীদের উপস্থিতি ছিলেন। এর ঠিক আগের দিন ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা হকার্স মার্কেটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, ফাঁকা গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে ।
এ ঘটনাগুলোকে শুধু বিচ্ছিন্ন স্থানীয় বিরোধ হিসেবে দেখছেন না দলের তৃণমূলের অনেকে। তাদের মতে, দল ক্ষমতায় আসার পর বিভিন্ন সুযোগ-সুবিধা, ব্যবসা, পরিবহন, মার্কেট ও স্থানীয় প্রভাববলয়কে কেন্দ্র করে একাধিক পক্ষ নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। আর এসব বিরোধ নিরসনে কার্যকর ও দৃশ্যমান সাংগঠনিক উদ্যোগ না থাকায় ছোট বিরোধও দ্রুত বড় সংঘাতে রূপ নিচ্ছে।
বিএনপির সাংগঠনিক শৃঙ্খলার সবচেয়ে বড় প্রশ্নটি তৈরি হচ্ছে তখনই, যখন দলীয় কর্মসূচি কিংবা প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যেই সংঘাতের ঘটনা ঘটেছে।
আগস্টের সরকারি জমি উচ্ছেদকে কেন্দ্র করে হাতাহাতি থেকে শুরু করে সেপ্টেম্বরের শুরুতে দলীয় নেতাদের ওপর হামলার অভিযোগ ফতুল্লায় বিএনপির অভ্যন্তরীণ বিরোধ এখন আর শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নেই; স্থানীয় নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারের প্রশ্নেও তা প্রকাশ্যে আসছে।
বিএনপির তৃণমূলের একাধিক নেতাকর্মীর অভিযোগ, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে থাকা অনেক কর্মী এখন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে দূরে। তাদের দাবি, মাঠের ত্যাগী কর্মীদের পরিবর্তে ব্যক্তিকেন্দ্রিক বলয় ও ঘনিষ্ঠ অনুসারীদের গুরুত্ব দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে।
তৃণমূলের অভিযোগ, বিপদের সময় যারা রাজপথে ছিলেন তাদের অনেকেই এখন শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ কিংবা সাক্ষাতের সুযোগ পাচ্ছেন না। বিপরীতে নতুন করে তৈরি হওয়া কিছু বলয়ের নেতাকর্মীরা দ্রুত প্রভাবশালী হয়ে উঠছেন। এতে পদ-পদবি, সাংগঠনিক নিয়ন্ত্রণ এবং স্থানীয় আধিপত্য নিয়ে অসন্তোষ বাড়ছে।
এই পরিস্থিতির আরেকটি প্রভাব পড়ছে সাধারণ কর্মীদের ওপর। দীর্ঘদিনের নেতাকর্মীদের একটি অংশ রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে পড়ছেন বলেও দাবি করছেন সংশ্লিষ্টরা। তাদের ভাষ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় দৃশ্যমান সাংগঠনিক ব্যবস্থা না থাকলে ভবিষ্যতে আরও বড় ধরনের বিভাজন তৈরি হতে পারে।
নারায়ণগঞ্জে বিএনপির সামনে এখন বড় চ্যালেঞ্জ শুধু রাজনৈতিক প্রতিপক্ষ মোকাবিলা নয় নিজেদের সাংগঠনিক নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করাও।
কারণ গত কয়েক মাসের ঘটনাগুলোতে একই ধরনের একটি প্রবণতা দেখা যাচ্ছে কোনো স্থানীয় বিরোধ তৈরি হচ্ছে, তা দ্রুত দলীয় বা রাজনৈতিক পরিচয়ের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে, এরপর এক পক্ষের সঙ্গে আরেক পক্ষের সংঘাত তৈরি হচ্ছে। কোথাও প্রশাসনিক অভিযান, কোথাও ব্যবসা বা পরিবহন, কোথাও স্থানীয় আধিপত্য আবার কোথাও দলীয় কর্মসূচি হয়ে উঠছে বিরোধের কেন্দ্র। এতে সাধারণ মানুষের কাছেও বিএনপির সাংগঠনিক ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নারায়ণগঞ্জের বিএনপির জন্য এখন সবচেয়ে জরুরি হলো দলের ভেতরের বিরোধকে দ্রুত সাংগঠনিক কাঠামোর মধ্যে নিয়ে আসা। ব্যক্তিগত বলয় কিংবা প্রভাবের ভিত্তিতে নয়, বরং দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি করতে হবে।
একই সঙ্গে দলীয় পরিচয় ব্যবহার করে দখল, আধিপত্য কিংবা অনিয়মের অভিযোগ উঠলে নিরপেক্ষ তদন্ত ও সাংগঠনিক ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। কারণ কয়েক মাসের ব্যবধানে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ, আড়াইহাজার ও শহর এলাকায় যেসব ঘটনা সামনে এসেছে, সেগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে এড়িয়ে গেলে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।
সবচেয়ে বড় কথা, সরকার গঠনের পর ক্ষমতার বাইরে থাকা সময়ের আন্দোলনকেন্দ্রিক রাজনীতি থেকে ক্ষমতাসীন দলের সাংগঠনিক রাজনীতিতে বিএনপির যে পরিবর্তন এসেছে, তার সঙ্গে মাঠপর্যায়ের নেতৃত্ব ও শৃঙ্খলার কাঠামো কতটা মানিয়ে নিতে পারছে নারায়ণগঞ্জের সাম্প্রতিক ঘটনাগুলো সেই প্রশ্নই সামনে নিয়ে এসেছে।
চেইন অব কমান্ড কার্যকর করতে না পারলে ব্যক্তিকেন্দ্রিক বলয়, আধিপত্যের দ্বন্দ্ব ও তৃণমূলের হতাশা শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ বিএনপির সাংগঠনিক শক্তিকেই দুর্বল করে দিতে পারে।

