নারায়ণগঞ্জের বন্দরের র্যালী আবাসিক এলাকায় আন-নূর হিফজুল কোরআন মাদ্রাসার বার্ষিক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বন্দরের রয়েল কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। তিনি বলেন, সমাজে জুলুম-অত্যাচার ও নৈতিক অবক্ষয়ের অন্যতম কারণ মানুষের মধ্যে দ্বীনি শিক্ষার অভাব। কোরআন ও দ্বীনি জ্ঞানের চর্চা মানুষের মধ্যে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, পবিত্র কোরআনের শিক্ষা মানুষের জীবনে শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ তৈরি করে। শিশুদের কোরআন শিক্ষার পাশাপাশি তাদের উত্তম চরিত্র গঠনে অভিভাবক ও শিক্ষকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি মীর নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী অভি।
এ সময় মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফেজ কবির হোসেন, জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ জেলা উপদপ্তর সম্পাদক আরাফাত প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন মো. আজিবুর রহমান ও মো. সিরাজুল ইসলাম।
আয়োজকরা জানান, র্যালী আবাসিক এলাকায় আন-নূর হিফজুল কোরআন মাদ্রাসাটি গত ১৬ বছর ধরে কোরআন শিক্ষার কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে মাদ্রাসাটিতে প্রায় ১৪০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।
আলোচনা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে দেশ, জাতি এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

