নারায়ণগঞ্জের বিভিন্ন ভূমি কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি ও হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের অনিয়ম পাওয়ায় দুই সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড)সহ ১৮ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে কোনো পূর্বঘোষণা ছাড়াই নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের ভূমি কার্যালয় পরিদর্শন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
পরিদর্শনকালে নির্ধারিত অফিস সময় পার হলেও বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে পাওয়া যায়নি। পরে কার্যালয়ের হাজিরা খাতা যাচাই করে কয়েকজনের আগাম স্বাক্ষরের বিষয়টিও নজরে আসে প্রতিমন্ত্রীর।
এ ঘটনাকে প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী উল্লেখ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দুই এসিল্যান্ডসহ সিদ্ধিরগঞ্জ ভূমি কার্যালয়ের মোট ১৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করা হয়।
শোকজ নোটিশে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকা, সময়ানুবর্তিতা না মানা এবং দায়িত্ব পালনে অবহেলার বিষয়ে সংশ্লিষ্টদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হয়ে জনগণকে সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকারি দপ্তরে সেবা নিতে এসে কোনো নাগরিক যাতে হয়রানি বা অযথা ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সরকারি চাকরিতে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না। কর্মকর্তা-কর্মচারীদের নিয়ম মেনে দায়িত্ব পালন এবং জনগণের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

