ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ গাজীপুরে চাঁদাবাজি মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ও জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে দেওয়া দু’দিনের রিমান্ড আদেশ বাতিল করে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।
সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমিত কুমার দে এ আদেশ দেন। জেলা জজ ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে সুরভীর আইনজীবী ও গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান কামাল জানান, দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন, তার বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করা হয়। শুনানি শেষে সুরভী একজন পরীক্ষার্থী হওয়ায় মানবিক দিক বিবেচনা করে আদালত রিমান্ড আদেশ বাতিল করেন এবং চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক সুরভীর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সৈয়দ ফজলুল মাহাদী শুনানি শেষে সেই আবেদন আংশিক মঞ্জুর করে দু’দিনের রিমান্ডের আদেশ দেন।
পুলিশ জানায়, সাংবাদিক নাইমুর রহমান দুর্জয়ের দায়ের করা ৫০ হাজার টাকা চাঁদা দাবির মামলায় সুরভী পরোয়ানাভুক্ত আসামি। এফআইআর অনুযায়ী মামলাটি গত ২৬ নভেম্বর ভোরে রেকর্ড করা হয়। মামলার পর থেকেই তিনি গাজীপুর জেলা কারাগারে আটক ছিলেন।
রিমান্ড আদেশ বাতিল ও জামিন মঞ্জুর হওয়ার পর সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে সুরভী গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন।

