প্রিপেইড বিদ্যুৎ মিটার ব্যবস্থা বাতিল করে প্রচলিত বিলিং পদ্ধতি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও নাগরিক অধিকারকর্মী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় দেওভোগ মার্কেট মালিক সমিতির কার্যালয়ে দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতি ও নাগরিক অধিকার ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির খান।
মাহবুবুর রহমান মাসুম বলেন, ‘আমরা এই মুহূর্তের জন্য নয়, চিরদিনের জন্য প্রিপেইড মিটার চাই না।’ তাঁর দাবি, প্রিপেইড মিটার চালুর পর সাধারণ গ্রাহকদের স্বস্তির পরিবর্তে আর্থিক ও মানসিক চাপ বেড়েছে। তাই জনভোগান্তির কথা বিবেচনা করে দ্রুত এই ব্যবস্থা বাতিল করা প্রয়োজন।
ইভিএম প্রসঙ্গ তুলে তিনি বলেন, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে কেনা ইভিএম বাতিল করা হলে সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ানো প্রিপেইড মিটারও বাতিল করা উচিত। গ্রাহকদের স্বার্থে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
মাসুম আরও বলেন, শীতলক্ষ্যা নদীর ওপর কদমরসূল সেতুর নির্মাণকাজ বন্ধ থাকায় নগরবাসী দুর্ভোগে পড়েছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রশাসনের মধ্যে সমন্বয়হীনতার কারণে প্রকল্পটি থমকে আছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে ৫ নম্বর ঘাট থেকে বন্দর পর্যন্ত সংযোগ সড়ক ৭৫ ফুটে উন্নীত করার কাজ দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
নারায়ণগঞ্জে পৃথক ওয়াসা গঠনের উদ্যোগেরও বিরোধিতা করেন তিনি। নগরীর পানি সরবরাহ ও ব্যবস্থাপনা সিটি করপোরেশনের অধীনেই রাখার দাবি জানিয়ে তিনি বলেন, নতুন কোনো সংস্থার মাধ্যমে নাগরিকদের ওপর অতিরিক্ত কর চাপানো হলে তা মেনে নেওয়া হবে না।
জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে মাসুম বলেন, গ্রাহকের অনুমতি ছাড়া বিদ্যুৎ বিভাগের কোনো কর্মকর্তা-কর্মচারী যেন বাসাবাড়ি, দোকান বা প্রতিষ্ঠানে প্রবেশ না করেন। এ বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধান বক্তার বক্তব্যে অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, প্রিপেইড মিটার যদি গ্রাহকদের জন্য সুবিধাজনক হতো, তাহলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এটি গ্রহণ করত। কিন্তু বাস্তবে বিভিন্ন এলাকায় মিটার স্থাপন নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, প্রিপেইড মিটারে রিচার্জ, ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহারের মতো বিষয় সাধারণ গ্রাহকদের জন্য বাড়তি চাপ তৈরি করছে। রিচার্জের অর্থ থেকে বিভিন্ন খাতে টাকা কেটে নেওয়ার অভিযোগ তুলে তিনি এসব কর্তনের বিষয়ে স্বচ্ছ ব্যাখ্যা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।
সভায় দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ বলেন, জনগণকে সুবিধা-অসুবিধা না বুঝিয়ে কোনো ব্যবস্থা চাপিয়ে দেওয়া উচিত নয়। প্রিপেইড মিটার চালুর আগে সাধারণ মানুষকে এর ব্যবহার ও আর্থিক বিষয়গুলো পরিষ্কারভাবে জানাতে হবে।
মোহাম্মদ আওলাদ হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক দিদার খন্দকার, মজিবর রহমান, তোফাজ্জল হোসেন, মনির হোসেন, রমজান মাদবরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

