নারায়ণগঞ্জের বন্দরে ১০০ পিস ইয়াবা, ১০ পুরিয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ শান্তি বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।
শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে বন্দর থানাধীন দত্তবাড়ী বউবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আনোয়ার হোসেনের বাড়ির দ্বিতীয় তলার উত্তর-পশ্চিম পাশের একটি শয়নকক্ষ থেকে মাদকগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শান্তি বেগম দত্তবাড়ী বউবাজার এলাকার বাসিন্দা। তার বাবার নাম ওলি মিয়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল দত্তবাড়ী বউবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে শান্তি বেগমকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা, ১০ পুরিয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার শান্তি বেগমের পূর্ববর্তী অপরাধের রেকর্ড (পিসিপিআর) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, এ ঘটনায় গ্রেপ্তার শান্তি বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

