নারায়ণগঞ্জের আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে মাদরাসার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল হক। তিনি বলেন, প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় যারা দীর্ঘদিন ধরে মেধা, শ্রম ও সময় দিয়েছেন, তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ ও সমাজসেবক মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, মাত্র দুইজন ছাত্রী নিয়ে আদর্শ মহিলা আলিম মাদরাসার যাত্রা শুরু হয়েছিল। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের গড়ে তোলাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণাবলি বিকাশে গুরুত্ব দিতে হবে। মাদরাসায় পড়াশোনা নিয়ে কোনো ধরনের হীনমন্যতার সুযোগ নেই। আগামী দুই বছরের মধ্যে এ প্রতিষ্ঠানে ফাজিল শিক্ষা কার্যক্রম চালুর আশাবাদও ব্যক্ত করেন তিনি। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি কামিল পর্যায়ে উন্নীত হবে বলেও প্রত্যাশা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ মহিলা আলিম মাদরাসার চেয়ারম্যান ডা. মো. আলী আশরাফ খান। তিনি প্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে ভবিষ্যতে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ লঞ্চ মালিক সমিতির সভাপতি মো. বদিউজ্জামান বাদল, এইচ এম নাসির উদ্দিন, মোহাম্মদ আবু হানিফ ও ব্যবসায়ী মর্তুজা খোকন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদা আক্তার। স্বাগত বক্তব্যের পর বিভিন্ন মাদরাসার শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে শতাধিক পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউসা ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহতারিমা সাবিকুন্নেসা কলি ও মুতারিমা সাবাহ বিনতে সাঈদ।
এ সময় অভিভাবক প্রতিনিধি মুফতি রহমতুল্লাহ ও আবু নোমান বক্তব্য দেন। এছাড়া পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবু সুফিয়ান, বিশিষ্ট ক্রীড়াবিদ জাহাঙ্গীর কবির পোকনসহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

