নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, গ্রেপ্তাররা ‘মিলন-সাজিদ গ্রুপের’ সদস্য।
রোববার (২৩ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা শান্তিধারা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
গ্রেপ্তাররা হলেন রকি সরকার ওরফে নাঈম (২৫), আজমান ওরফে লেম্বর (২৫) ও রায়হান (২৩)।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ছয়টি রামদা, তিনটি তলোয়ার, দুটি ছুরি, একটি সুইচ গিয়ার, দুটি কুড়াল ও দুটি এসএস পাইপ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ানো এবং অস্ত্রসহ সন্ত্রাসী কর্মকাণ্ড ও ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের।
এ ঘটনায় ডিবির এসআই রুবেল মিয়া বাদী হয়ে সোমবার ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

