নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলী এলাকায় একটি ইজিবাইক গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন পাশের কয়েকটি ঝুটের গোডাউনেও ছড়িয়ে পড়ে।
শুক্রবার (২১ আগস্ট) ভোরে গাবতলী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, শুক্রবার ভোর ৬টার দিকে গাবতলী এলাকার একটি ইজিবাইক গ্যারেজে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, গ্যারেজের পাশের কয়েকটি ঝুটের গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তদন্তের পর জানা যাবে বলে জানানো হয়েছে।

