বাংলাদেশের অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেছেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য চাষ এখন অনেক মানুষের জীবিকার অন্যতম প্রধান উৎস।
রোববার (১৬ আগস্ট) সকালে সোনারগাঁ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য ছিল—‘রূপালী মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’।
উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় আজহারুল ইসলাম মান্নান বলেন, সোনারগাঁয়ের মৎস্য চাষিরা আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় প্রশিক্ষণ কাজে লাগিয়ে মাছের উৎপাদন আরও বাড়াতে পারেন। মৎস্য খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নদী-খাল, জলাশয় ও পুকুরে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত করার পাশাপাশি দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সেরা তিন মৎস্য চাষিকে তাদের সফলতার স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। সেরা কার্প মিশ্র মৎস্য চাষি হিসেবে মঙ্গলেরগাঁওয়ের গাজী নাহিদুল ইসলাম ও দৌলতপুরের রমজান হোসেন এবং সেরা তেলাপিয়া চাষি হিসেবে কৃষ্ণপুরার মো. আফাজ উদ্দিনকে এ সম্মাননা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু।
এ ছাড়া অনুষ্ঠানে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেলসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলা চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

