গান গেয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন নীলা দেওয়ান (৪৫) নামে এক নারী বাউল শিল্পী। শুক্রবার ভোরে ফতুল্লার সস্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নীলা দেওয়ান ফতুল্লার সস্তাপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম সেকান্দার আলী।
ভুক্তভোগী নীলা দেওয়ান জানান, সারারাত গান গেয়ে ভোরের দিকে একটি ইজিবাইকে করে একাই বাড়ি ফিরছিলেন তিনি। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের নারায়ণগঞ্জ জেলা কারাগারের বিপরীত পাশে সস্তাপুর এলাকায় পৌঁছালে দুই ব্যক্তি তার ইজিবাইকের গতিরোধ করেন।
তিনি বলেন, ছিনতাইকারীদের একজন লোহার পাইপ দিয়ে তার হাতে আঘাত করে হাতব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি বাধা দিলে অপর ছিনতাইকারী তাকে মাথায় ছুরিকাঘাত করেন। এতে তিনি সড়কের ওপর জ্ঞান হারিয়ে পড়ে যান।
পরে ছিনতাইকারীরা তার হাতব্যাগ নিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগে সারারাত গান গেয়ে পাওয়া পুরস্কারের ৩ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র ছিল বলে জানান নীলা দেওয়ান।
ইজিবাইক চালকের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহত বাউল শিল্পীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় লিংক রোডের ওই এলাকায় রাত ও ভোরের সময়ে নিরাপত্তা জোরদার এবং ছিনতাইকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

