আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছিল। তবে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সাম্প্রতিক সময়ে দূরত্ব ও পাল্টাপাল্টি বক্তব্য বাড়ায় নির্বাচনী পরিবেশে অনেকটাই ভাটা পড়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সরবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চলতি অর্থবছরের মধ্যে সিটি করপোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভাসহ ৫টি নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার(১৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে পরিচ্ছনতা কর্মীদের আবাসিক ভবন পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তবে নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন চিত্র দেখাচ্ছে। বিভিন্ন সভা, সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচিতে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা একে অপরকে লক্ষ্য করে বক্তব্য দিচ্ছেন। পাল্টাপাল্টি এসব বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনাও ক্রমেই বাড়ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে আগামী দিনে দলগুলোর বিরোধ প্রকাশ্য সংঘাতের দিকে গড়াতে পারে।
তৃণমূলের নেতাকর্মীদের ভাষ্য, বর্তমানে জাতীয় রাজনীতিতেই বিভিন্ন ইস্যুতে বিরোধী দল ও ক্ষমতাসীনদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য এবং নানা ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হলে স্থানীয় ইস্যুগুলো জাতীয় রাজনীতির সঙ্গে মিশে গিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। রাজনৈতিক বিশৃঙ্খলা ও সহিংসতার আশঙ্কা বিবেচনায় নির্বাচন কিছুটা পিছিয়ে দিয়ে আগে মাঠের পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও মনে করছেন তারা।
রাজনৈতিক সূত্রগুলো বলছে, জাতীয় নির্বাচনের পর বিভিন্ন রাজনৈতিক সমীকরণে পরিবর্তন এসেছে। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও খেলাফত মজলিসসহ দলগুলো এখন অনেক ক্ষেত্রেই নিজেদের মতো করে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। জোটের পরিবর্তে এককভাবে প্রার্থী দেওয়ার প্রবণতাও স্পষ্ট হচ্ছে।
নারায়ণগঞ্জেও এর প্রভাব পড়েছে। স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশায় বিএনপি, জামায়াত ও এনসিপির সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে মাঠ গোছাতে শুরু করেছেন। এরই মধ্যে জামায়াত ও খেলাফত মজলিস তাদের প্রার্থী সামনে এনেছে। অন্যদিকে বিএনপি ও এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে নির্বাচনী আমেজ তৈরি করেছে খেলাফত মজলিস। দলটি নারায়ণগঞ্জ-৫ আসনে ঐক্যজোটের প্রার্থী হওয়া এ বি এম সিরাজুল মামুনকে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
অন্যদিকে গত ১৯ জুন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সম্মেলনে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আব্দুর জব্বারকে পরিচয় করিয়ে দেন দলটির কেন্দ্রীয় আমীর ও বিরোধীদলীয় প্রধান ডা. শফিকুর রহমান। ফলে জামায়াতের পক্ষ থেকেও প্রার্থিতার বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়ে গেছে।
এনসিপি এখনো আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে দলটির মহানগর আহ্বায়ক শওকত আলীকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। ফলে তিনটি দলের সম্ভাব্য প্রার্থী মাঠে থাকলেও বিএনপি কাকে সামনে আনবেএ প্রশ্ন এখন নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত।
বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে এখনো সিটি নির্বাচনের প্রার্থী নিয়ে দৃশ্যমান কোনো তৎপরতা দেখা যায়নি। তবে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি মনোনয়ন পেতে বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছেন তারা।
বর্তমানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ ছাড়া বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিব ও ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।
বিএনপি এখনো প্রার্থী ঘোষণা না করায় দলটির তৃণমূলের নেতাকর্মীদের মধ্যেও এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্য দলগুলো যখন প্রার্থী সামনে এনে মাঠ গোছাতে শুরু করেছে, তখন বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে সিদ্ধান্তহীনতা দলটির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নানা প্রশ্ন তৈরি করছে।
শুধু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নয়, জেলার ২৭টি ওয়ার্ড, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সম্ভাব্য প্রার্থীরাও নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনের সময় পিছিয়ে গেলেও সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ, দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দেওয়ার তৎপরতা থেমে নেই।
তবে দীর্ঘদিন পর জাতীয় পর্যায়ে ক্ষমতায় আসার পর নারায়ণগঞ্জে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর অভ্যন্তরীণ সমীকরণ নিয়েও নানা আলোচনা রয়েছে। তৃণমূলের অনেক নেতাকর্মীর অভিযোগ, দল ক্ষমতায় আসার পর বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের মধ্যে সমন্বয়ের ঘাটতি দেখা দিয়েছে। অনেক ক্ষেত্রেই একে অপরের সিদ্ধান্তকে গুরুত্ব না দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। এতে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন উঠছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে নতুন করে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তৈরি হওয়া স্বাভাবিক। তবে বর্তমানে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তা নির্বাচনী মাঠে আরও প্রকট হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে।
এ কারণে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় ও সহনশীলতা ফিরিয়ে আনার সুযোগ তৈরি করা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা যেন কোনোভাবেই রাজনৈতিক সহিংসতায় রূপ না নেয়, সে বিষয়েও দলগুলোর অভ্যন্তরীণভাবে সতর্কতা বাড়ছে।
সব মিলিয়ে নারায়ণগঞ্জে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের প্রস্তুতি থাকলেও এখনই নির্বাচনী উত্তাপ তুঙ্গে উঠছে না। বরং বিএনপি, জামায়াত ও এনসিপির পারস্পরিক রাজনৈতিক অবস্থান, বিএনপির সম্ভাব্য প্রার্থী বাছাই এবং নির্বাচন কমিশনের সময়সূচি এই তিন বিষয়ই আপাতত নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতির মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

